১০টি বিদ্যুৎ কেন্দ্রের ৬টি বন্ধ # প্রতিদিনই প্রায় শতাধিক মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি,
সৈয়দ হুমায়ূন কবীর রানা
বিদ্যুৎয়ের ঘন ঘন লুকোচুরি ও লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার জনজীবন। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দিন-রাত জুড়ে বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, ও সাধারণ মানুষ। বর্ষা মৌসুমে এ ধরণের ঘন ঘন লোডশেডিংয়ের কারনে ব্যবসা-বাণিজ্যসহ সকল স্তরে ধ্বস নেমেছে। খুলনা অঞ্চলের ১০টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে জ্বালানি সংকটের কারনে ছোট-বড় মিলিয়ে ৬ টি বিদ্যুৎ কেন্দ্র এখন বন্ধ রয়েছে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দ্বায়ীত্বে থাকা এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, ২ আগস্ট রবিবার বিকাল পর্যন্ত খুলনা জোনে ( খুলনা, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর) ৫৭৫ মেগাওয়াট বিদ্যুৎয়ের চাহিদা ছিল। বিপরীতে সরবরাহ হয়েছে ৫১৫ মেগাওয়াট। ঘাটতি ছিল ৬০ মেগাওয়াটের বেশী। আর ২১ জেলায় বিদ্যুতের মোট চাহিদা ছিল ৭৪৪ মেগাওয়াট। তার বিপরীতে সরবরাহ করা গেছে ৬৩৯ মেগাওয়াট, ফলে ঘাটতি ছিল প্রায় ১০৫ মেগাওয়াটের বেশি। এর মধ্যে খুলনা অঞ্চলে সবচেয়ে বেশি বিদ্যুৎয়ের লোডশেডিংয়ের করা হয়েছে ।
নির্ভরযোগ্য সুত্রে জানাযায়, ওজোপাডিকোর আওতায় খুলনা বিভাগের ১০ জেলা, বরিশাল বিভাগের ছয় জেলা এবং বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব এলাকায় গ্রাহকের সংখ্যা প্রায় সাড়ে ১৭ লাখের বেশি। বিদ্যুতের এমন পরিস্থিতিতে জনজীবনে নেমে এসেছে চরম স্থবিরতা। পিডিবির একটি সুত্রে জানাগেছে, গ্যাস ও ফার্নেস অয়েলের সরবরাহে ঘাটতি এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের প্রভাবে এই ৬ টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে। অন্যদিকে এলএনজি টার্মিনালের সমস্যা এবং কয়লা খালাসে বাধার কারণে উৎপাদনেও ব্যাহত হচ্ছে। ফলে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় বিতরণ কোম্পানিগুলোকে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। এ ছাড়াও আবার সচল কেন্দ্রগুলোও পূর্ণ সক্ষমতায় চলতে পারছে না, ফলে সামগ্রিক উৎপাদনে বড় ধরনের ধস নেমেছে বলে এই সুত্রটি জানায়।
খুলনা নগরীর খালিশপুরের এক শিক্ষার্থী জানায়, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। রাতেও গরমের কারণে স্বাভাবিকভাবে পড়া সম্ভব হচ্ছে না। দৌলতপুর এলাকার অপর এক শিক্ষার্থী সাবরিনা তাবাসসুম লামিয়া জানান, এই এলাকায় দুনে ও রাতে প্রায় ৫/৬ বার করে বিদ্যুৎয়ের লোডশেডিং চলে। প্রতি বারই প্রায় ১ ঘন্টা বিদ্যুৎ বিহীন থাকতে হয়। এতে লেখাপড়ার যেমন ক্ষতি হচ্ছে ঠিক তেমনি দুর্বিসহ জীবনযাপন করতে হচ্ছে। এতে করে এলাকায় চুরি- ছিনতাইসহ নানা অপরাধ মুলক কর্মকান্ড হচ্ছে।
অন্যদিকে জেলার ডুমুরিয়ার এক বাসিন্দা জানান, দিনে-রাতে কয়েকবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম অস্বস্তির মধ্যে থাকতে হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘরের পরিবেশ অসহনীয় হয়ে উঠছে, নষ্ট হচ্ছে ইলেকট্রনিকস যন্ত্রপাতি ও সংরক্ষিত খাবার। খুলনাসহ আশপাশের জেলাগুলোতেও সীমাহীন লোডশেডিংয়ের কারণে ব্যবসা-বাণিজ্যের ধ্বস নেমেছে বলে বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী প্রতিনিধিরা জানিয়েছে।
গত কিছু দিনের লাগামহীন বৃষ্টিপাতের কারনে এবং বিদ্যুৎয়ের ঘন ঘন লোডশেডিংএ জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি ।
ওজোপাডিকোর সুত্রে জানাগেছে শুধুমাত্র খুলনা সিটিতে ২ আগষ্ট বিকাল পর্যন্ত চাহিদা ছিল ১৬৬ মেগাওয়াট। তার বিপরীতে সরবরাহ করা হয়েছে ১৪৬ মেগাওয়াট বিদ্যুৎ। লোডশেডিং ছিল প্রায় ২০ মেগাওয়াট।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ওজোপাডিকোর সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, জ্বালানি সংকটসহ নানা কারণে চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে ফিডারভিত্তিক লোডশেডিং করতে হচ্ছে। চাহিদা আরও বাড়লে তখন পরিস্থিতি আরও চাপের মুখে পড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।











































