Home জাতীয় সরকারের হয়ে কাজ করার অভিযোগ থেকে বেরিয়ে আসাই ‍দুদকের লক্ষ্য: সচিব

সরকারের হয়ে কাজ করার অভিযোগ থেকে বেরিয়ে আসাই ‍দুদকের লক্ষ্য: সচিব

3

ঢাকা অফিস।।

দুর্নীতি প্রতিরোধ, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কোনো নির্দিষ্ট ক্ষমতাসীন দলের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সংস্থাটির নতুন সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

এই লক্ষ্য নিয়েই আমরা সবাই এক সঙ্গে কাজ করবো। রবিবার (২ আগস্ট) দুদক মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, বিগত ১৭ বছর বা বিভিন্ন সরকারের আমলের মতো সরকারের হয়ে কাজ করার যে ঐতিহ্যবাহী অভিযোগ দুদকের বিরুদ্ধে ছিল, তা থেকে বেরিয়ে আসাই এখন প্রধান লক্ষ্য।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য দুর্নীতি প্রতিরোধের কোনো বিকল্প নেই।

প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের কাছে সরকারি সেবা সহজলভ্য করা এবং দেশের সম্পদ রক্ষা করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। আমরা সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রতিরোধমূলক কার্যক্রমের ওপর গুরুত্ব দিচ্ছি।

দুদক সচিব বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তাদের সেবা পায় এবং আমাদের জাতীয় সম্পদ সুরক্ষিত থাকে, সে লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ করা হবে।

সার্চ কমিটি গঠন হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুততম সময়েই কমিশনের গঠন হবে। নতুন সরকার গঠন হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার আছে। সংস্কারে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সুশাসনের জন্য দুর্নীতি নির্মূল করা প্রয়োজন উল্লেখ করা প্রয়োজন জানিয়ে দুদক সচিব বলেন, দুদক সম্পর্কে নানান রকম রটনা রয়েছে, দুর্নাম রয়েছে। আমরা চাই এই দুর্নামগুলো দূর করে দিয়ে, দুদককে কীভাবে আরও জনবান্ধব করা যায়; মানুষের কাছে নিয়ে যাওয়া যায়; আমাদের যে ইমেজ সংকট ছিল, সেটা যেনো দূর করতে পারি। এই ব্যাপারে আমরা একসঙ্গে কাজ করবো সততা ও নিষ্ঠা নিয়ে আমরা কাজ করবো।

দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো দরকার উল্লেখ করে তিনি বলেন, এই ব্যাপারে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নেব।

এর আগে সকালে দুদক সচিব হিসেবে যোগদান করেন মো. সাইদুর রহমান খান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের একজন সদস্য। গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুদকের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।