Home খেলাধুলা লিটনকে নিয়ে পূর্ণ আস্থা সালাহউদ্দিনের

লিটনকে নিয়ে পূর্ণ আস্থা সালাহউদ্দিনের

29

স্পোর্টস ডেস্ক।।

দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকলেও উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বাংলাদেশ দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তার বিশ্বাস, অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে লিটন খুব দ্রুতই নিজের ছন্দ ফিরে পাবেন এবং অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

অস্ট্রেলিয়া সফর সামনে রেখে লিটনের প্রস্তুতি প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘অভিজ্ঞতা আপনি কখনো ভুলবেন না। অভিজ্ঞতা আপনার স্মৃতিতে সবসময় থেকে যাবে। ’

তবে প্রায় দেড় মাস ম্যাচের বাইরে থাকায় সফরের আগে একটি প্রস্তুতি ম্যাচ লিটনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। সালাহউদ্দিন বলেন, ‘গত প্রায় ৪৫ দিনে সে ম্যাচ খেলেনি। যদি অনুশীলন ম্যাচটা খেলতে পারে, তাহলে সেটা তার জন্য খুবই ভালো হবে। সেখানে গিয়ে মানিয়ে নিতেও সুবিধা হবে। ’

সালাহউদ্দিনের মতে, টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতার মূল্য সবসময়ই আলাদা। একজন অভিজ্ঞ ব্যাটারের উপস্থিতি শুধু ব্যাটিংয়েই নয়, দলের সামগ্রিক ভারসাম্যেও ইতিবাচক প্রভাব ফেলে। তিনি যোগ করেন, ‘সে যদি ব্যাটিংটা করতে পারে, রানিং বিটুইন দ্য উইকেটে ভালো থাকে এবং খেলার মতো অবস্থায় থাকে, তাহলে অভিজ্ঞ একজনকে খেলানো অবশ্যই যুক্তিযুক্ত।’

বাম পায়ের কাফ ইনজুরি থেকে সেরে ওঠার পর সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দলে ফিরেছেন লিটন। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২০০৩ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সেই কঠিন সফরে লিটনের অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই বিশ্বাস সালাহউদ্দিনের।