Home খেলাধুলা মদ্রিচের সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়াল এসি মিলান

মদ্রিচের সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়াল এসি মিলান

2


স্পোর্টস ডেস্ক

ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলান। নতুন চুক্তির ফলে ২০২৭ সালের জুন পর্যন্ত সান সিরোতেই খেলবেন ৪০ বছর বয়সী এই তারকা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

রিয়াল মাদ্রিদের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারে ২৮টি বড় শিরোপা জয়ের পর ২০২৫ সালের জুনে এক বছরের চুক্তিতে এসি মিলানে যোগ দেন মদ্রিচ। ক্লাবটির হয়ে প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে দুটি গোল করার পাশাপাশি তিনটি গোলে সহায়তাও করেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।

২০১৮ সালের ব্যালন ডি’অরজয়ী মদ্রিচ ২০২৬ বিশ্বকাপেও ক্রোয়েশিয়ার জার্সিতে মাঠে নামেন। এটি ছিল বিশ্বকাপে তার পঞ্চম অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পর্যায়ের বড় কোনো টুর্নামেন্টে দশম উপস্থিতি।

তার নেতৃত্বে ক্রোয়েশিয়া শেষ ষোলোতে পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২০২টি ম্যাচ খেলেছেন মদ্রিচ। এতে তার গোল ২৯টি, আর অ্যাসিস্ট ৩২টি। ক্রোয়েশিয়ার ইতিহাসে ২০০ বা তার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা একমাত্র ফুটবলার তিনি।

অন্যদিকে, গত মৌসুমটি প্রত্যাশামতো কাটেনি এসি মিলানের। ইতালিয়ান সেরি আ-তে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করে দলটি। নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ রুবেন আমোরিমের অধীনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে মিলান।