Home খেলাধুলা নতুন কোচের খোঁজে গার্দিওলার আগে আনচেলত্তির সঙ্গে আলোচনা ইতালির

নতুন কোচের খোঁজে গার্দিওলার আগে আনচেলত্তির সঙ্গে আলোচনা ইতালির

2


স্পোর্টস ডেস্ক

টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার ধাক্কা কাটিয়ে জাতীয় দলকে নতুনভাবে গড়ে তুলতে মরিয়া ইতালি। সেই লক্ষ্যেই নতুন প্রধান কোচ খুঁজছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানিয়েছেন, পেপ গার্দিওলার সঙ্গে আলোচনা চললেও স্প্যানিশ এই কোচ তাদের প্রথম পছন্দ ছিলেন না। এর আগে তারা ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিলেন।

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে না পারার পর গত এপ্রিলে জাতীয় দলের প্রধান কোচের পদ ছেড়ে দেন জেন্নারো গাত্তুসো। এরপর থেকেই তার উত্তরসূরি খুঁজতে ব্যস্ত ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ও বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি বলেন, বিশ্বের সেরা কোচদের দিয়েই নতুন প্রকল্প শুরু করতে চেয়েছিল ইতালি।

মালদিনি বলেন, ‘আমরা এটা লুকাতে চাই না। পেপ গার্দিওলার সঙ্গে কথা বলার আগে কার্লো আনচেলত্তির সঙ্গেও আলোচনা করেছি। যাদের আমরা বিশ্বের সেরা কোচ মনে করি, তাদের দিয়ে শুরু করাই আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে।’

সদ্য সমাপ্ত উত্তর আমেরিকা বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন আনচেলত্তি। তবে তার অধীনে প্রত্যাশা পূরণ করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নিলেও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এখনো ইতালিয়ান এই কোচের ওপর আস্থা রেখেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মালদিনি জানান, ইতালিয়ান ফুটবল ফেডারেশন সপ্তাহের শেষ নাগাদ নতুন কোচ নিয়োগ দিতে চায়। তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেয়ে সঠিক ব্যক্তিকে বেছে নেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছে তারা।

এদিকে ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, ইতালির জাতীয় দলের দায়িত্ব নিতে বছরে ২ কোটি ইউরো পারিশ্রমিক চেয়েছেন পেপ গুয়ার্দিওলা, যা ফেডারেশনের প্রস্তাবিত অঙ্কের প্রায় দ্বিগুণ।

এ বিষয়ে প্রশ্ন করা হলে মালদিনি বলেন, ‘এই মুহূর্তে আলোচনায় কী ঘটছে, সে বিষয়ে নতুন করে বলার মতো কোনো তথ্য আমাদের কাছে নেই।’

প্রতিবেদনে আরও বলা হয়, গার্দিওলার পরিবারের সঙ্গে বার্সেলোনায় আরও বেশি সময় কাটাতে চান। ব্যক্তিগত এই বিষয়টিও আলোচনাকে জটিল করে তুলেছে।

বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ গার্দিওলা গত মে মাসে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়েছেন। প্রায় এক দশক ধরে ক্লাবটির কোচ হিসেবে তিনি ছয়টি ইংলিশ প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন।

তবে গার্দিওলাকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আপত্তি তুলেছেন ইতালিয়ান অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বুয়োনফিলিও। তার মতে, ইতালির জাতীয় দলের দায়িত্ব কোনো বিদেশি কোচের হাতে দেওয়া উচিত নয়।

গার্দিওলা ছাড়াও সম্ভাব্য কোচের তালিকায় রয়েছেন আন্তোনিও কন্তে। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইতালির কোচ ছিলেন তিনি। সবশেষ নাপোলির দায়িত্ব পালন করেছেন এই ৫৬ বছর বয়সী ইতালিয়ান।

এছাড়া ইতালির সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ২০২১ সালে ইতালিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানো সাবেক কোচ রবের্তো মানচিনির ফেরার সম্ভাবনাও বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে।

বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার পর ইতালির ফুটবল নতুন করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের মুখে। তাই নতুন কোচ নির্বাচনকে ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছে দেশটির ফুটবল অঙ্গন।