মিলি রহমান।।
বাড়িতে থাকা কলা বেশি পেকে গেলে অনেকেই তা খেতে আগ্রহী হন না। ফলে ভালো একটি খাবারও নষ্ট হয়ে যায়। তবে সেই পাকা কলা দিয়েই খুব সহজে তৈরি করা যায় সুস্বাদু পিঠা। অল্প কিছু উপকরণে তৈরি এই পিঠা হতে পারে সকালের নাশতা কিংবা বিকেলের চায়ের দারুণ সঙ্গী। বিশেষ করে সাগর কলা ব্যবহার করলে পিঠায় সুন্দর ঘ্রাণ পাওয়া যায়।
প্রয়োজনীয় উপকরণ
পাকা সাগর কলা- ১টি
ময়দা- ১ কাপ
চালের গুঁড়া- আধা কাপ
কোরানো নারিকেল- আধা কাপ
বেকিং পাউডার- আধা চা-চামচ
চিনি- স্বাদ অনুযায়ী
লবণ- এক চিমটি
পানি- প্রয়োজনমতো
ভাজার জন্য তেল
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে ময়দা, চালের গুঁড়া, বেকিং পাউডার ও সামান্য লবণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার পাকা কলাটি চটকে মিহি করে নিন। এর সঙ্গে শুকনো উপকরণগুলো যোগ করে মেশাতে থাকুন। এরপর কোরানো নারিকেল ও স্বাদ অনুযায়ী চিনি দিয়ে প্রয়োজনমতো পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখতে হবে, মিশ্রণটি যেন খুব পাতলা না হয়। এবার একটি কড়াইয়ে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে চামচের সাহায্যে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে তেলে ছাড়ুন। মাঝারি বা কম আঁচে পিঠাগুলো ধীরে ধীরে ভাজুন, যাতে ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়। পিঠার দুই পাশ সুন্দর সোনালি হয়ে এলে তেল থেকে তুলে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু পাকা কলার পিঠা।











































