ঢাকা অফিস।।
প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকাল ৫টা ১ মিনিটে পদত্যাগপত্র গ্রহণ করা হয় বলে জানান তিনি। একইসঙ্গে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকালে জাতীয় সংসদে শপথ পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। স্পিকার বলেন, প্রেসিডেন্ট পদত্যাগপত্র জমা দিয়েছেন।
৫টা ১ মিনিটে আমার কাছে জমা দিয়েছে। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি। আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। তিনি আরও বলেন, পদত্যাগপত্রে রাষ্ট্রপতি লিখেছেন, “আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানীং স্বাস্থ্য পরীক্ষায় অটোনোমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে।
“এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন।”











































