বিনোদন ডেস্ক।।
দেশীয় গণসংগীতের নন্দিত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুদিন আজ। ২০২১ সালের আজকের দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন তিনি। ফকির আলমগীরের জন্ম ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে। তিনি কালামৃধা গোবিন্দ হাই স্কুল থেকে ১৯৬৬ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জগন্নাথ কলেজে ভর্তি হন। এই প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি নিয়ে পরবর্তী পর্যায়ে তিনি সাংবাদিকতা বিষয়ে এমএ পাস করেন ঢাকা বিশ^বিদ্যালয় থেকে।
ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগীতজগতে প্রবেশ করেন। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন একজন শব্দসৈনিক হিসেবে। শুধু গণসংগীত নয়, দেশীয় পপ সংগীতেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। ফকির আলমগীর লেখালেখিতেও অবদান রেখেছেন।
১৯৮৪ সালে প্রকাশ হয় তার প্রথম বই ‘চেনা চায়না’। তার লেখা আরও একটি গুরুত্বপূর্ণ বই ‘স্মৃতি আলাপনে মুক্তিযুদ্ধ’। তিনি মোট নয়টি বই রচনা করেন। ফকির আলমগীরের উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- ও সখিনা গেছোস কিনা ভুইলা আমারে, নাম তার ছিল জন হেনরি, মায়ের একধার দুধের দাম ইত্যাদি।
ফকির আলমগীর ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত হন।










































