ঢাকা অফিস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, বর্ষীয়ান এই রাজনীতিবিদের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার শারীরিক সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে পরম করুণাময়ের দরবারে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক অসুস্থতায় ভুগছেন। এর আগেও কয়েক দফা শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।










































