সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশের পর প্রথমে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বললেও পরে সংশ্লিষ্ট নারীকে নিজের বৈধ দ্বিতীয় স্ত্রী দাবি করেন গাজী নজরুল ইসলাম। তিনি পুরো ঘটনাকে পরিকল্পিত ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। তবে বিতর্ক থামেনি। বরং বিয়ে, ভিডিও, বিভিন্ন নথি ও বক্তব্যে অসংগতি নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে তাকে দল থেকে বহিষ্কার করেছে। এই সিদ্ধান্তের পর সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচনের সম্ভাবনা, রাজনৈতিক সমীকরণ এবং ভোটের হিসাব-নিকাশ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের প্রার্থী গাজী নজরুল ইসলাম ৯৭টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান পান ৮৫ হাজার ৪২৬ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ২১ হাজার ৪৮৭। নির্বাচনের মাত্র কয়েক মাসের মাথায় এমপিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক রাজনৈতিক পরিস্থিতিকে সম্পূর্ণ নতুন মোড়ে নিয়ে গেছে। জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্তের পর রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এই আসনে কি উপনির্বাচন হবে?
যদিও নির্বাচন কমিশনে দলীয় সিদ্ধান্ত জানানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে, তবে সাংবিধানিকভাবে শুধু দল থেকে বহিষ্কার হলেই সংসদ সদস্যের আসন শূন্য হয় কি না, সেই প্রশ্নও সামনে এসেছে। সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন বলেন, অনেকেই মনে করছেন, দল থেকে বহিষ্কার করা হয়েছে মানেই সংসদ সদস্যের আসন শূন্য হয়ে যাবে। বাস্তবে বিষয়টি এতটা সরল নয়। নির্বাচন কমিশন দলীয় সিদ্ধান্তের চিঠি গ্রহণ ও নথিভুক্ত করতে পারে; শুধু সেই চিঠির ভিত্তিতে কোনো সংসদ সদস্যের আসন শূন্য ঘোষণা করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। তিনি বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের পদ শূন্য হওয়ার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। যদি কোনো সাংবিধানিক প্রশ্ন তৈরি হয়, তাহলে সেটি স্পিকার, আদালত অথবা সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে।
অ্যাডভোকেট এস এম বিপ্লব আরও বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলত্যাগ, দলের বিরুদ্ধে ভোট দেওয়া বা নির্দিষ্ট সাংবিধানিক পরিস্থিতিতে আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। তবে কেবল দলীয় বহিষ্কারই স্বয়ংক্রিয়ভাবে আসন শূন্য করে না। তাই উপনির্বাচন হবে কি না, সেটি পুরোপুরি নির্ভর করবে পরবর্তী সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ার ওপর। সাতক্ষীরার বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা মনে করেন, এই ঘটনা ভোটারদের মনস্তত্ত্বে প্রভাব ফেলবেই। তিনি বলেন, সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর একটি শক্তিশালী ভোটব্যাংক রয়েছে। সাম্প্রতিক ঘটনাটি অনেক সাধারণ মানুষকে বিব্রত করেছে। দল যেহেতু নৈতিকতার প্রশ্নে নিজেদের এমপিকেই বহিষ্কার করেছে, সেটা ইতিবাচক দিক হলেও মানুষের মনে যে প্রশ্ন তৈরি হয়েছে, সেটা সহজে দূর হবে না।
তিনি আরও বলেন, মানুষ ব্যক্তি ও দল, দুই বিষয়ই বিবেচনা করে। একজন সংসদ সদস্যের ব্যক্তিগত আচরণও জনআস্থার সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে ধর্মীয় মূল্যবোধের রাজনীতি করা একটি দলের ক্ষেত্রে এমন বিতর্ক ভোটারদের মানসিকতায় প্রভাব ফেলতে বাধ্য। ডা. আবুল কালাম বাবলার তার মতে, যদি উপনির্বাচন হয়, তাহলে বিএনপি তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। তবে শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে। সাম্প্রতিক নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী ড. মো. মনিরুজ্জামান বলেন, নির্বাচনের সময় থেকেই আমরা বলেছিলাম, প্রকৃত ভোটের প্রতিফলন ঘটেনি। ফল ঘোষণার সময় দীর্ঘ বিলম্ব হয়েছিল। আমি নিজেও শুরুতে বহু কেন্দ্রে এগিয়ে ছিলাম। পরে ফলাফল পরিবর্তন হয়ে যায়।
তিনি বলেন, ‘বর্তমান বিতর্কের কারণে শুধু একজন ব্যক্তি নয়, পুরো এলাকার মানুষ বিব্রত হয়েছেন। সাতক্ষীরার মানুষ কখনো এমন ঘটনার সঙ্গে নিজেদের দেখতে চায় না। যদি সাংবিধানিক প্রক্রিয়া শেষে আসন শূন্য হয় এবং আমার দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে অবশ্যই নির্বাচন করব। তবে সিদ্ধান্ত নেবে জনগণ।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, মানুষ এখন অনেক সচেতন। গত কয়েক মাসে মানুষ বাস্তবতা দেখেছে। যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে জনগণই তাদের রায় দেবে।’
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, ‘আমরা মনে করি, এই ঘটনাটি মানুষের সামনে জামায়াতের একটি বড় রাজনৈতিক সংকট তৈরি করেছে। একজন জাতীয় পর্যায়ের নেতার কাছ থেকে এমন বিতর্কিত পরিস্থিতি মানুষ প্রত্যাশা করে না।’ তিনি বলেন, ‘এখন মানুষ ব্যক্তি ও দলের নৈতিক অবস্থান, দুই বিষয়ই বিবেচনা করবে। আগামীতে যেকোনো নির্বাচনে এর প্রভাব পড়বে বলেই আমরা মনে করি। সাতক্ষীরা-৪ আসনে যদি উপনির্বাচন হয় এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায়, তাহলে বিএনপির প্রার্থী জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হবে বলে আমরা আশাবাদী।’ সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, ‘আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। জামায়াতে ইসলামী নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে কখনো আপস করে না। একজন ব্যক্তির কারণে পুরো দলকে বিচার করা ঠিক হবে না। দল ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে বলেই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।’
তিনি আরও বলেন, নির্বাচন হলে দল যে সিদ্ধান্ত দেবে আমরা সেটিই বাস্তবায়ন করব। জনগণের কাছে আমরা আবারও যাব। আমরা বিশ্বাস করি, নৈতিক সিদ্ধান্ত নেওয়ার কারণে জনগণ বিষয়টিকে ইতিবাচকভাবেই মূল্যায়ন করবেন। তবে তিনি স্বীকার করেন,এ ধরনের ঘটনা সাময়িকভাবে রাজনৈতিক প্রভাব ফেলতেই পারে। আমরা মনে করি; সময়ের সঙ্গে মানুষ দলীয় অবস্থান ও সিদ্ধান্তকেও গুরুত্ব দেবে।
এদিকে ভিডিও বিতর্ককে কেন্দ্র করে বুধবার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেওয়া বক্তারা বলেন, ভিডিও প্রকাশের পর প্রথমে এটিকে এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও পরে সংশ্লিষ্ট নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়। পরে বিভিন্ন বক্তব্য ও নথিতে অসঙ্গতির বিষয়টি জনমনে আরও প্রশ্ন তৈরি করেছে।
বিক্ষোভকারীরা সংসদ সদস্যের পদত্যাগ দাবি করেন এবং বিষয়টির নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। সমাবেশ শেষে গাজী নজরুল ইসলামের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করা হয়।
অন্যদিকে জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত ঘোষণার পর শ্যামনগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণের ঘটনাও দেখা গেছে। স্থানীয় অনেকেই মনে করেন, দল নৈতিক অবস্থান থেকে সিদ্ধান্ত নিয়েছে। তবে শুধু বহিষ্কার নয়, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলেও মত দেন অনেকে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সংসদ সদস্যের আসন আদৌ শূন্য হবে কি না এবং হলে কবে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে এত কম সময়ের মধ্যে একটি নির্বাচিত সংসদ সদস্যকে ঘিরে এমন বিতর্ক, দলীয় বহিষ্কার, জনবিক্ষোভ এবং সম্ভাব্য উপনির্বাচনের আলোচনা, সব মিলিয়ে সাতক্ষীরা-৪ আসনের রাজনীতি এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি।
যদি উপনির্বাচন হয়, তাহলে সেটি শুধু একটি আসনের নির্বাচনই হবে না; বরং সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের পর জনগণের নতুন রায়েরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে।











































