Home আঞ্চলিক সীমান্তের ওপার থেকে ড্রোনে করে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী

সীমান্তের ওপার থেকে ড্রোনে করে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী

2

স্টাফ রিপোর্টার।।


আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সীমান্তের ওপারে বসে চোরাকারবারিরা বাংলাদেশে মাদক ঢোকানোর পরিকল্পনা করছে। এমনকি ড্রোনের মাধ্যমেও বিভিন্ন স্থানে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, মাদক এখন আর শুধু খুলনার সমস্যা নয়, এটি সারা দেশের সমস্যা। এ কারণে মাদক নিয়ন্ত্রণে সারা দেশে ডোপ টেস্টের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মাদক ও জুয়া সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাদক পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে। বর্ডারের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা পরিকল্পনা করছে। তারা বিভিন্ন কৌশলে মাদক দেশে প্রবেশ করাচ্ছে। ড্রোনের মাধ্যমেও বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দেওয়ার ঘটনা ঘটছে। তাই মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।


তিনি বলেন, মাদক এখন শুধু কোনো নির্দিষ্ট জেলা বা অঞ্চলের সমস্যা নয়। এটি জাতীয় সমস্যা হিসেবে দেখা প্রয়োজন। এ কারণে সারা দেশে ডোপ টেস্টের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। মাদক ও জুয়া সংক্রান্ত আইনের শক্তিশালী প্রয়োগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সন্ত্রাস দমন প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, সন্ত্রাস দমনে সরকার ক্রসফায়ারের পথে যাবে না। প্রচলিত আইনেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে প্রচলিত আইন আরও শক্তিশালী করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, সুশাসনের পথে যেকোনো অন্তরায় দূর করা হবে। বর্তমান সরকার জনগণের সেবায় বিশ্বাসী। ক্ষমতা গ্রহণের পর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা দেওয়া হচ্ছে। বিগত সরকারের তৈরি করা বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বর্তমান সরকারকে সময় দিতে হবে।

সাইবার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সাইবার সুরক্ষা ও অনলাইন নিরাপত্তার জন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করে আইন প্রণয়ন করা হচ্ছে। একই সঙ্গে সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার সরকার ওমর ফারুক, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।