সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালি এলাকায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় এক ব্যক্তি পুকুরঘাটে দুই জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখলে পরে খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- বাটকেখালি এলাকার হাবিবুর রহমানের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা (১০) এবং সাদ্দাম হোসেনের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র লাবিব (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। বেলা গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
দুপুর ১টার দিকে স্থানীয় এক ব্যক্তি গোসল করতে গিয়ে পুকুরঘাটে দুই জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে তিনি পানিতে নেমে খোঁজাখুঁজি চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।










































