স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপ ফাইনাল দেখে মনে হয়েছে, আর্জেন্টিনার হয়ে সবকিছু উজাড় করে দিয়ে শুধু একজনই খেলেছেন—এমিলিয়ানো মার্তিনেজ। তবে ৩৩ বছর বয়সী এই গোলকিপার স্পেনের ১১টি শট ঠেকিয়েও দলের পরাজয় এড়াতে পারেননি।
হতাশ এমিলিয়ানো মার্তিনেজ এবার বড়সড় ইঙ্গিত দিয়ে রাখলেন। আর কখনো আর্জেন্টিনার হয়ে না খেলার কথা ভাবছেন মার্তিনেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় এমন আভাস দিয়েছেন তিনি।
মার্তিনেজ লিখেছেন, ‘আমি স্বপ্ন দেখেছিলাম, আমরা আবারো বিশ্বকাপ জিতব। আমি স্বপ্ন দেখেছিলাম, ট্রফিটা আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনব এবং নতুন ইতিহাস গড়ব। কিন্তু সত্যি বলতে, এই কষ্ট ভাষায় প্রকাশ করা খুব কঠিন।’
২০২২ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভজয়ী মার্তিনেজ এরপর লিখেছেন, ‘এখন অনেক কিছু নিয়ে ভাবার সময় এসেছে, কীভাবে সামনে এগিয়ে যাব। এটাই সরে দাঁড়ানোর সঠিক সময় কি না, সেটাও ভাবতে হবে। আমি সত্যিই খুব দুঃখিত। দেশের জন্য এবং আমার সতীর্থদের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।’
২০২১ সালের ৩ জুন দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে ১-১ ড্র ম্যাচ দিয়ে আর্জেন্টিনা হয়ে অভিষেক হয় মার্তিনেজের। তখন থেকেই তিনি নিজেকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
লিওনেল মেসিসহ সতীর্থদের কাছে তিনি শুধু দুর্দান্ত একজন গোলকিপারই নন, সবাইকে অনুপ্রাণিত করতে পারা একজন ফুটবলার এবং দলে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার অন্যতম প্রধান কারিগর।








































