মোঃ জাহিদুর রহমান সোহাগ, দাকোপ
খুলনার দাকোপে আমনের বাম্পার ফলন হয়েছে। উফশী ব্রি ৮৭ ও ৭৬ ধান চাষে ফলন অনেক বেশি পাওয়ায় প্রতি মৌসুমে এচাষাবাদে এলাকার কৃষকদের আগ্রহ ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের সহযোগীতায় উপকূলীয় এলাকায় জলাবদ্ধ জমিতে উৎপাদনশীলতা ও ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষকরা এআবাদ করেছেন।
প্রকল্পের মাঠ কর্মি শরিফুল ইসলাম জানান, দেশের অন্যান্য জেলার ন্যায় এই জাতের ধানের চাষাবাদ বেড়ে এবছর উপজেলার পানখালী এলাকায় ১০ হেক্টর জমিতে ব্রি ৮৭ ও আনন্দনগর এলাকায় ৫ হেক্টরে ব্রি ৭৬ ধানের চাষ হয়েছে। এছাড়া উপজেলা কৃষি অধিদপ্তরে খোঁজ খবর নিয়ে জানা গেছে বিভিন্ন এলাকায় ৯৫ হেক্টর জমিতে ব্রি ৭৬ ও ৩০ হেক্টরে ব্রি ৮৭ ধানের চাষ হয়েছে।
পানখালী এলাকার কৃষক ভবেশ তরফদার বলেন, পরীক্ষা মূলক ভাবে প্রথম ২০১৫ সালে তিনি অল্প কিছু জমিতে ব্রি-৭৬ ও ২০১৯ সনে ব্রি-৮৭ জাতের ধান চাষ শুরু করেন। এবছর তিনি প্রায় আড়াই বিঘা জমিতে ব্রি ৮৭ ধানের আবাদ করেছেন। ধান কাটতে এখন মাত্র কয়েক দিন বাকি। বিঘা প্রতি তিনি ২৮ থেকে ৩০ মন ধান পাবেন বলে আশা করছেন। তার এই চাষাবাদ দেখে আশে পাশের বাসুদেব তরফদার, মোস্তাক ফকির, সুমন্ত তরফদার, সুকুমার বালাসহ একাধিক কৃষক প্রায় ৫০ বিঘা জমিতে এই জাতের ধানের আবাদ করেছেন বলে তিনি জানান।
উপজেলা সিনিয়ার কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান খান জানান, এখানে অধিকাংশ মাঝারি এবং নীচু জমি। ব্রি ৮৭ উচু, ব্রি ৭৬ নীচু জমির ধান এবং ফলনও হয় ভালো। তিনি এখানে যোগদানের পর থেকে উচ্চ ফলনশীল জাতের ধান চাষে কৃষকদের উৎসাহ দিয়ে আসছেন বলে জানান।
এবিষয় ব্রি সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রধান গবেষক ড. মোঃ মনিরুজ্জামান বলেন উপকূলীয় এলাকায় জলাবদ্ধ জমিতে উফশী জাতের ধান চাষ করে জমির উৎপাদনশীলতা ও ফসল বৃদ্ধি করা সম্ভব। পানি কম গভীরতা জমিতে ব্রি ধান ৮৭ ও বেশি গভীরতা জমিতে ব্রি ধান ৭৬ চাষে সফল। এছাড়া স্থানীয় জাতের তুলনায় উফশীর ফলনও অনেক বেশি এবং অনেক আগে ধান কাটা যায়। এবছর মাঠে ফলন দেখে আগামী আমন মৌসুমে উক্ত জাত দুটি চাষের জন্য এলাকার কৃষকদের মাঝে বিপুল আগ্রহের সৃষ্টি হয়েছে। এতে কৃষকদের জমির উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং জমির ফসল অনেক আগে কাটার ফলে সঠিক সময়ে রবি ফসলের চাষ বা পানির প্রাপ্যতা সাপেক্ষে বোরো ধানের আবাদের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি পাবে।











































