বিনোদন ডেস্ক।।
অবশেষে দীর্ঘদিনের প্রেমিক উইলিয়াম ইশমাইলকে বিয়ে করেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইনগেট। বিয়ের কয়েক দিন পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বপ্নের বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২১জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে সাদা গাউনে উজ্জ্বল ও হাস্যোজ্জ্বল জেনিফারকে দেখা যায়। কোনো ছবিতে তিনি স্বামী উইলিয়ামের বাহুডোরে। আবার কোনো ছবিতে দুজনকে রোমান্টিক মুহূর্তে দেখা গেছে।
আরো কয়েকটি ছবিতে জেনিফারের কনের সাজ, সূচিকর্ম করা ভেইল এবং চার্চের সিড়ি দিয়ে হেঁটে আসার দৃশ্য রয়েছে। একটি ছবিতে বাবাকে জড়িয়ে ধরা আবেগঘন মুহূর্তও ধরা পড়েছে।
এর আগে জেনিফার একটি ভিডিওও প্রকাশ করেন। সেখানে চার্চে বিয়ের শপথ নেওয়া, আংটি বদল এবং ফটোশুটের কিছু মুহূর্ত দেখা যায়।

ভিডিওর শেষে তিনি লেখেন, ‘Officially introducing my man, my husband, Will!’ ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে আমাদের তারারা একসঙ্গে মিলেছে।’
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৬ জুলাই যুক্তরাজ্যে তাদের বিয়ে হয়। এটি ছিল একটি ব্যক্তিগত আয়োজন। অনুষ্ঠানে শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। অনেক দিন ধরেই জেনিফার ও উইলিয়ামের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল।
তবে তারা কখনো প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলেননি। উইলিয়াম ইশমাইল সিঙ্গাপুরভিত্তিক একজন ফাইন্যান্স পেশাজীবী। তিনি ২০২২ সাল থেকে এমএইচসি ডিজিটাল গ্রুপে বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং বিভাগের পরিচালক হিসেবে কাজ করছেন।
উল্লেখ্য, এর আগে জেনিফার উইনগেট টেলিভিশন অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।








































