ঢাকা অফিস
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের দেয়াল টপকে সাজাপ্রাপ্ত বন্দি মোছা. রিম্পা (২১) পালিয়ে যাওয়ার ঘটনায় জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত এবং সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহারকে রাজশাহীতে বদলি করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত শুক্রবার রাতে একই ঘটনায় ৩ মেট্রন ও ৪ নারী কারারক্ষীসহ মোট ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দি পলায়নের ঘটনায় প্রাথমিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তদন্তকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন এবং তারা যাতে তদন্তে কোনো প্রভাব বিস্তার করতে না পারেন, সেজন্য জেলার শিরিন আখতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে গাফিলতির কারণে জেল সুপার কাওয়ালিন নাহারকে রাজশাহী বদলি করা হয়েছে।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাত ৮টার কিছু আগে ওই নারী বন্দি পালিয়ে যান। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে উঠে আসে বিকেল ৫টার মধ্যে বন্দিদের সেলে আবদ্ধ করার কথা থাকলে রাত ৮টায় করা হয়েছে।
তা ছাড়া নির্ধারত সময়ের পর ৪০ জন বন্দিকে দিয়ে ইট ভাঙনের কাজ করানো হচ্ছিল। এরই ফাঁকে পালিয়ে যাায় ওই বন্দি। তদন্তে জেলার ও জেল সুপারের দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার প্রমাণ পাওয়ার পর কারা অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।








































