বিনোদন ডেস্ক ||
বিশ্বকাপের ফাইনালের বাঁশি বাজার পর শুধু ফুটবলপ্রেমীরাই নন, সরব হয়ে ওঠেন দেশের শোবিজ তারকারাও। কেউ নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়েছেন, আবার কারো জন্য ম্যাচের ফলাফল যেন ব্যক্তিগত এক ‘স্বস্তির খবর’ হয়ে এসেছে। সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল আর বিনোদনের গল্প এক সুতোয় গাঁথা হয়েছে।
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে স্প্যানিশরা। বলের দখল, আক্রমণ এবং ম্যাচের নিয়ন্ত্রণ; সব ক্ষেত্রেই এগিয়ে ছিল তারা। পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি।
এই জয়ের মধ্য দিয়ে বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের আরেকটি অধ্যায় যোগ করেছে স্পেন। অন্যদিকে, ফাইনালে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।
স্পেনের এই ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় কয়েকজন তারকা।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সুপারস্টার শাকিব খান লিখেছেন, “২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।”
চিত্রনায়িকা শবনম বুবলী লিখেছেন, “স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।”
চিত্রনায়িকা অপু বিশ্বাসও সংক্ষিপ্ত এক পোস্টে লিখেছেন, “অভিনন্দন স্পেন।”
অন্যদিকে, ফাইনালের ফল প্রকাশের পর আলোচনায় আসেন চিত্রনায়িকা পরীমণি। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তবে স্পেন চ্যাম্পিয়ন হওয়ায় সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়নের প্রয়োজন পড়েনি।
ফাইনালের পর নিজের ফেসবুকে মজার ছলে পরীমণি লিখেছেন, “বিয়েটা আর করতে হলো না এই আর কি।”
তবে নিজের প্রিয় দলের প্রতি ভালোবাসার জায়গা অপরিবর্তিত রেখেই তিনি আরো লিখেছেন, “আর্জেন্টিনার প্রতি আমার ভালোবাসা চিরদিন থাকবে। ভালোবাসার আর্জেন্টিনা। আবার দেখা হবে।”
এর আগে তিনি জানিয়েছিলেন, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই মজার ছলে বিয়ে নিয়ে পোস্টটি করেছিলেন। কিন্তু সেটি যে এতটা আলোচনার জন্ম দেবে, তা তিনি কল্পনাও করেননি।
বিয়ে প্রসঙ্গে নিজের বাস্তবতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। পরীমণি বলেন, “বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউই নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়েশাদি করুক। এরপর কিংবা তার আগে ছেলে যদি অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।”
গত বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে নিজের ফেসবুকে তিনি লিখেছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।”
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজারো শেয়ারে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর হ্যারি কেইনকে নিয়েও একটি রসাত্মক পোস্ট করেন তিনি।
বিশ্বকাপের শিরোপা গেছে স্পেনের ঘরে, কিন্তু ম্যাচ-পরবর্তী আলোচনায় বাংলাদেশের শোবিজও ছিল সমান সরব। একদিকে স্পেনকে অভিনন্দন জানিয়েছেন দেশের জনপ্রিয় তারকারা, অন্যদিকে পরীমণির ভাইরাল ‘বিয়ে’ প্রতিশ্রুতির মজার পরিণতিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ফুটবলের উন্মাদনা শেষ হলেও তার রেশ যে এখনো বিনোদন অঙ্গনে বহমান, তারই আরেকটি উদাহরণ হয়ে থাকল এই ঘটনাগুলো।








































