Home আঞ্চলিক শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

4

বেনাপোল (যশোর) প্রতিনিধি।।

যশোরের শার্শা উপজেলায় একটি শ্যালোচালিত ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী, ট্রলির চালক ও হেলপার আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড়সংলগ্ন রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। আহতরা হলেন একই গ্রামের শাহাজাহানের ছেলে রুবেল (৩০), ট্রলিচালক আমিরুল এবং হেলপার নিরব। আমিরুল ও নিরব শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৯ জুলাই) রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফুটবল ফাইনাল ম্যাচ দেখার পর ভোরে নাহিদ, ঊষা ও রুবেল একটি মোটরসাইকেলে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। একই সময়ে ইটভাটা থেকে ইট নিয়ে দ্রুতগতিতে একটি ট্রলি গোগার দিকে যাচ্ছিল। রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় পৌঁছলে উভয় যানবাহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নাহিদ ও ঊষার মৃত্যু হয়। গুরুতর আহত রুবেলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহত ট্রলিচালক আমিরুল ও হেলপার নিরবকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে সকালে শার্শা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

শার্শা থানার ওসি শামীমুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।