খুলনাঞ্চল রিপোর্ট
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। এ ছাড়া হামের উপসর্গ দেখা গেছে ৯৩৮ জনের।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৯৩ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৫ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৮৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে চারজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের আর একজন সিলেট বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনে। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৪ হাজার ৪৩১ জন। একই সময়ে ১ লাখ ১৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৬ হাজার ৫২১ জন হাসপাতাল ছেড়েছে।








































