নড়াইল প্রতিনিধি।।
নড়াইল সদরে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.উজির আলীকে(৩৪) ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে। আহত প্রধান শিক্ষক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে শহরের নড়াইল কালেক্টরেট স্কুলে ঘটনাটি ঘটে। আহত উজির আলী নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক এবং লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে অভিভাবকরা কালেক্টরেট স্কুলে যান শিক্ষার্থীর বেতন পরিশোধের জন্য। বিদ্যালটির অফিস সহকারী রাকিব হোসেন অন্তর বেতন না নিয়েই বেশ কয়েকজন অভিভাবকের সাথে দুর্ব্যবহার করেন। এ ঘটনা জানতে পেরে প্রধান শিক্ষক অফিস সহকারীর কাছে কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
প্রধান শিক্ষক রুম থেকে বেরিয়ে যেতে গেলে অফিস সহকারী অন্তর উপর্যুপরি ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় শিক্ষকরা প্রধান শিক্ষকে জেলা হাসাপাতালে নিয়ে যান।
জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, প্রধান শিক্ষক উজির আলীর হাত-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভুক্তভোগী প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি। এ ঘটনায় অভিযুক্ত রাকিব হোসেন অন্তরকে ধরতে অভিযান অব্যাহত আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








































