Home আলোচিত সংবাদ শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ আসছে

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ আসছে

1

অনলাইন ডেস্ক।।


একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে সৌদি আরব। দীর্ঘ ৭৫ বছরেরও বেশি সময় পর দেশটির বিস্তীর্ণ আকাশে এমন বিরল ও ঐতিহাসিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটতে যাচ্ছে। এই মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করবেন সেখানকার লাখো স্থানীয় বাসিন্দা।

গালফ নিউজ ও সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) পৃথক প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ২ আগস্ট সৌদি আরবের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা প্রায় ছয় মিনিটের জন্য সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে।

সৌদি আরবের মহাকাশ সংস্থা জানিয়েছে, আভা শহরসহ কয়েকটি এলাকায় পূর্ণগ্রাসের স্থায়িত্ব হতে পারে প্রায় ছয় মিনিট। অন্যদিকে জেদ্দা ও পশ্চিম উপকূলের কিছু অঞ্চলে এই অন্ধকার স্থায়ী হবে প্রায় ৫ মিনিট ৫০ সেকেন্ড। একই সময়ে প্রতিবেশী দেশ মিশরে সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব দেখা যাবে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ লোহিত সাগরের উপকূল থেকে শুরু হয়ে মক্কা, জেদ্দা, তায়েফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ বেশ কয়েকটি শহর অতিক্রম করবে।

এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিজ্ঞানী ও জ্যোতির্বিদদের জন্য সূর্যের ‌‘করোনা’ নিয়ে গবেষণার এক অনন্য সুযোগ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ও নথিভুক্ত করার ক্ষেত্রে ওই সময় সৌদি আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হবে।

পূর্ণগ্রাসের পাশাপাশি সৌদি আরবের অন্যান্য অংশের বাসিন্দারা আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবেন। স্থানভেদে এ সময় সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ঢাকা পড়তে পারে। জানা গেছে, পূর্ণগ্রাস চলাকালে দিনের আলো সাময়িকভাবে গোধূলির রূপ নেবে এবং তাপমাত্রাও উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে।

এদিকে, এই বিরল মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণের সময় জনসাধারণকে বিশেষ সতর্ক থাকতে বলেছে সৌদি মহাকাশ সংস্থা। খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকাতে কঠোরভাবে নিষেধ করে সংস্থাটি জানিয়েছে, পর্যবেক্ষণের জন্য অবশ্যই অনুমোদিত চশমা বা বিশেষ ফিল্টারযুক্ত যন্ত্র ব্যবহার করতে হবে।