যশোর অফিস।।
যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, দুদিন আগে তার বোন স্বামীর বাড়ি থেকে তাদের বাড়ি বেড়াতে আসেন। শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে তারা একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হলেও বর্ণার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নওয়াপাড়া নৌ পুলিশের ওসি রনজিত কুমার জানান, সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার সকাল থেকে ফের অভিযান চালানো হবে।









































