Home আঞ্চলিক ডুমুরিয়ায় দিনমজুরের ৩টি ঘর গুড়িয়ে দিয়েছে প্রভাবশালীরা: খোলা আকাশের নীচে অবস্থান...

ডুমুরিয়ায় দিনমজুরের ৩টি ঘর গুড়িয়ে দিয়েছে প্রভাবশালীরা: খোলা আকাশের নীচে অবস্থান নিয়েছে ওই পরিবার

9

এস রফিক, ডুমুরিয়া

ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে ফিল্মি ষ্টাইলে এক দিনমজুরের বসতভিটায় থাকা ৩টি ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। এতে বাঁধা দিতে গিয়ে আহত হয়েছে মুসলিমা (১৭) ও সুরাইয়া খাতুন (১৫) নামের আপন দু’বোন। এখন খোলা আকাশের নীচে ঠাই নেয়া ছাড়া উপায় নেই পরিবারটির। গতকাল রবিবার সকালে উপজেলার সাহস ইউনিয়নের কুখিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে এলাকাবাসি ও ভুক্তভোগি পরিবারের সাথে কথা বলে জানা যায়,উপজেলার কুখিয়া গ্রামস্থ রোস্তম শেখ নামের এক দিনমজুর স্থানীয় আছিয়া বেগমসহ ৩ বোনের রেকর্ডীয় ১২ শতাংশ জমি ক্রয় করে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছে। ওই জমিতে ৩টি বসতঘর, বাথরুম সহ বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ বৃক্ষ রোপন করা হয়েছে।

সম্প্রতি স্থানীয় প্রভাবশালী প্রতিপক্ষ মৃত আশরাফ আলী শেখের বায়েজিদ,আজগর ও সোবহান শেখ নামের ৩ ছেলে খোঁড়া অজুহাত খাড়া করে ও্ই ভিটাবাড়ি জবর দখলের নেশায় মেতে ওঠে। তারই জের ধরে ঘটনার দিন সকালে বায়েজিদ,আজগর,সোবহান সহ অজ্ঞাত ১৫/২০জন পরিকল্পিত ভাবে দা,শাবল,লাঠিসোটা নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে ফিল্মি ষ্টাইলে বসতভিটায় থাকা ঘরগুলি ভেঙ্গে গুড়িয়ে দেয় এবং বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ বৃক্ষ কেটে সাবাড় করে দেয়। এতে ওই পরিবারের ঘর,আসবাবপত্র,নগদ অর্থসহ প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এসময় বাড়িতে থাকা দিনমজুরের দু’মেয়ে মুসলিমা ও সুরাইয়া বাঁধা দিতে গেলে তাদের হামলায় গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ৭১ সালেও এমন নারকীয় ঘটনা ঘটেনি এমনটি উল্লেখ করে স্থানীয় ইলিয়াজ শেখ (৮০) সহ অনেকেই বলেন, হতদরিদ্র পরিবারটি কায়িক পরিশ্রম করে একটু মাথা গোজার ঠা্ইঁ করেছিল। কিন্তু অত্যন্ত অন্যায় ভাবে প্রভাবশালী ওই পরিবারটি প্রকাশ্য দিবালোকে তা ভেঙ্গে গুড়িয়ে দিল। এখন খোলা আকাশের নীচে ঠাঁই নিতে হবে পরিবারটির। ন্যাক্কার জনক এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাই। ঘটনা প্রসঙ্গে থানা পুলিশের এসআই ইউসুফ আলী জানান,ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওসি আমিনুল ইসলাম বলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।