Home আঞ্চলিক খুলনায় মুয়াজ্জিনকে গলাকেটে হত্যাচেষ্টা

খুলনায় মুয়াজ্জিনকে গলাকেটে হত্যাচেষ্টা

0


ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি||

খুলনার ডুমুরিয়ায় গভীর রাতে মসজিদের মুয়াজ্জিনকে গলাকেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি মুমুর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি আছেন।

হামলার শিকার মুয়াজ্জিন কারিমুল গাজী (৫৫) উপজেলার সাহস ইউনিয়নের ঘোষগাতি গ্রামের প্রয়াত কাশেম গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাহস ইউনিয়নের ঘোষগাতি গ্রামের বাসিন্দা কারিমুল গাজী পেশায় একজন মুয়াজ্জিন। তিনি স্থানীয় ঘোষগাতি জামে মসজিদে দায়িত্বরত আছেন। গতকাল বুধবার দিবাগত রাতে ফজরের আযানের উদ্দেশে তিনি বাড়ি থেকে বের হন। পথিমধ্যে তিনি হন হামলার শিকার। ধারালো অস্ত্রের আঘাতে তার গলার সামনের অংশের অনেকখানি কেটে গেছে। এমনকি শ্বাসনালীও ক্ষত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ওআইসি) চিকিৎসা কেন্দ্রে ভর্তি আছেন।

এ বিষয়ে তার স্ত্রী মুরশিদা বেগম বলেন, ‘মুয়াজ্জিন সাহেব প্রায়ই রাত সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান। আমরাও উঠি ফজরের নামাজের জন্য। কিন্তু ঘটনার রাতে উনি কখন গেছেন তা আমি টের পাইনি। তবে উঠে নামাজ পড়েছি। কিছুক্ষণ পরে মসজিদের ইমাম সাহেব ফোন করে তার কথা জানতে চান। তখন আমি তাকে খুঁজতে বের হয়ে বাড়ির একটু সামনে গিয়ে দেখি রাস্তার পাশে ঝোপের মধ্যে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে আমি ডাক চিৎকার করতে থাকি। আমার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনি কোন কথা বলতে পারছেন না। শুধু হাত নেড়ে ইশারায় কিছু বলতে চাইছিল। এখন কি হবে বুঝতেছি না।’

বিষয়টি নিয়ে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘মুয়াজ্জিনের ওপর হামলার ঘটনায় অবগত আছি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সার্বক্ষণিক যোগাযোগ ও কথা হচ্ছে। তবে কি কারণে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি।’