Home জাতীয় এক দফা, এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ; ইসিবি চত্বরে সড়ক অবরোধ

এক দফা, এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ; ইসিবি চত্বরে সড়ক অবরোধ

0

ঢাকা অফিস।।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর ইসিবি চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএএফ শাহীন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

বুধবার (১৫ জুলাই) পরীক্ষার রুটিন, বন্যার মধ্যেও পরীক্ষা নেওয়া এবং প্রশ্নপত্রের প্যাটার্ন পরিবর্তনের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনস্থল থেকে বিএএফ শাহীন কলেজের ২০২৬ ব্যাচের শিক্ষার্থী জিহাদ হোসেন রিয়াদ বাংলানিউজকে বলেন, শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করেছেন।

তিনি বলেন, আমাদের নকল নিয়ে কোনো সমস্যা নেই। ২০২৬ সালের শিক্ষার্থীরা নকল করে না। কিন্তু পরীক্ষার সময়সূচি পরিবর্তন, রুটিনে পর্যাপ্ত বিরতি না রাখা এবং একের পর এক সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করেছে।

রিয়াদ অভিযোগ করেন, বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মধ্যে মাত্র একদিন করে বিরতি রাখা হয়েছে, যা পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর।

তিনি বলেন, ঢাকায় জলাবদ্ধতার সময় শিক্ষার্থীরা চেয়েছিল বাকি পরীক্ষাগুলো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে নেওয়া হোক। কিন্তু সে দাবি মানা হয়নি।

১৩ জুলাইয়ের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিক্ষার্থীরা সারাদিন পরীক্ষা স্থগিতের ঘোষণার অপেক্ষায় থাকলেও রাতের দিকে হঠাৎ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। পরে প্রশ্নপত্রের প্যাটার্ন পরিবর্তনের কারণে দুই বছরের প্রস্তুতি নষ্ট হয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

রিয়াদ বলেন, কঠিন প্রশ্নে আমাদের আপত্তি নেই। কিন্তু যে বিষয়গুলো আমাদের পড়ানো হয়নি, সেগুলো থেকে প্রশ্ন করা হয়েছে। পরীক্ষার দিন অনেক শিক্ষার্থী কান্না করে কেন্দ্র থেকে বের হয়েছে।

তিনি আরও বলেন, আগের দিনের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে এবং রাত ১০টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান করতে হয়েছে। এরপরও পরদিন সকাল ১০টায় পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

আন্দোলনরত এই শিক্ষার্থী বলেন, আমাদের এখন একটাই দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আমরা শিক্ষার্থীবান্ধব একজন শিক্ষামন্ত্রী চাই, যিনি শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবেন।

তিনি ঘোষণা দেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে ইসিবি চত্বরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।