Home খেলাধুলা আইসিসির গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান তামিম

আইসিসির গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান তামিম

1

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্বও পেলেন তামিম ইকবাল। আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দ্রুত বিস্তারের ফলে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি, খেলোয়াড়দের কর্মব্যস্ততা ও বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে কাজ করবে এই কমিটি। সেই কমিটির নেতৃত্বেই থাকবেন তামিম।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তামিমের নেতৃত্বাধীন এই কমিটিতে সদস্য হিসেবে থাকছেন বিশ্বের তিন প্রভাবশালী ক্রিকেট বোর্ড– ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার শীর্ষ কর্মকর্তারা। ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ কমিটির সদস্য হয়েছেন। এছাড়া রয়েছেন ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন।

আইসিসি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ক্রমবর্ধমান প্রভাবের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের ভারসাম্য রক্ষা, খেলোয়াড়দের স্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যৎ নীতিমালা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখভাল করবে এই কমিটি।

সভায় বাংলাদেশ নিয়েও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে তামিম ইকবালকে আইসিসি বোর্ডের ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে স্বীকৃতি দিয়েছে। এক বিবৃতিতে আইসিসি বলেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি বোর্ড।’

এদিকে সদস্যপদ-সংক্রান্ত বিষয়ে শ্রীলঙ্কা, কানাডা ও ফ্রান্সকে নিয়েও সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। নির্বাচিত কমিটি গঠনের প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়ে আপাতত শ্রীলঙ্কা ক্রিকেটকে আইসিসি বোর্ডের সভায় প্রতিনিধিত্ব করার অনুমতি দেওয়া হয়নি।

অন্যদিকে সদস্যপদের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ফ্রান্স ক্রিকেটকে ‘অন নোটিশ’ বা সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আর স্থগিত সদস্যপদ ফিরে পেতে কানাডাকে আইসিসির নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

এছাড়া আর্থিক সংকটে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সহায়তা দিতে ১২ দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির পাশাপাশি নতুন একটি গভর্ন্যান্স রিভিউ কমিটিও গঠন করেছে আইসিসি। এই কমিটিতে কোনো চেয়ারম্যান রাখা হয়নি। সদস্য হিসেবে রয়েছেন দেবজিত সাইকিয়া, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডা. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ডা. রস রিভাজ।