Home খেলাধুলা এমবাপ্পেদের বিশ্বকাপ কিন্তু এখনো শেষ হয়নি!

এমবাপ্পেদের বিশ্বকাপ কিন্তু এখনো শেষ হয়নি!

0

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে ফ্রান্সের। সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে কিলিয়ান এমবাপ্পেদের দল। তবে বিশ্বকাপে তাদের পথচলা এখনো শেষ হয়নি। সামনে রয়েছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মাঠে নামবে ফ্রান্স। তৃতীয় সেরার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে আজকের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে পরাজিত দল। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেলেও জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করতে চাইবে ফরাসিরা। কারণ, এই বিশ্বকাপের পর ফ্রান্স কোচ দিদিয়ের দেশম দায়িত্ব ছাড়তে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। বিদায়ের আগে অন্তত একটি জয় দিয়ে অধ্যায়ের সমাপ্তি টানতে চাইবেন তিনি। ফ্রান্সের জন্য ম্যাচটির আরেকটি বিশেষ গুরুত্বও রয়েছে। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের পর এবারই প্রথম তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে যাচ্ছে ‘লে ব্লু’রা।

অনেকের কাছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি গুরুত্বহীন মনে হলেও বাস্তবে এর সঙ্গে জড়িয়ে আছে বড় অঙ্কের অর্থ ও ফিফা র‍্যাঙ্কিংয়ের হিসাব। বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৫২ কোটি টাকা)। আর চতুর্থ হওয়া দল পাবে ২৮ মিলিয়ন ডলার। অর্থাৎ, মাত্র একটি ম্যাচেই তৈরি হবে ২০ লাখ ডলারের পার্থক্য।

এছাড়া এই ম্যাচের ফল ফিফা র‍্যাঙ্কিংয়েও প্রভাব ফেলে। নকআউট পর্বে জয়ের জন্য বাড়তি রেটিং পয়েন্ট পাওয়া যায়, যা ভবিষ্যতের বড় টুর্নামেন্টে সিডিং ও ড্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই ফাইনালের স্বপ্ন শেষ হলেও এমবাপ্পেদের সামনে এখনো একটি লক্ষ্য বাকি। মায়ামিতে তৃতীয় সেরা হয়ে বিশ্বকাপ শেষ করতে চাইবে ফ্রান্স।