বিনোদন ডেস্ক।।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা নামছে আগামী ১৯ জুলাই। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান, যেখানে বিশ্বসংগীত ও বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা অংশ নেবেন। এবারের সমাপনী আয়োজনে পারফর্ম করবেন হলিউড তারকা টম ক্রুজ।
ফিফা জানিয়েছে, এবারের আসরে আরও দেখা যাবে ইতালীয় গায়িকা লরা পাউসিনি, মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিডকে।
ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে ফাইনালের আগে এক জমকালো বিনোদনের আসর।
গত মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানের শিল্পীদের তালিকা প্রকাশ করেছে ফিফা। তালিকায় আইশোস্পিডকে পারফর্মার হিসেবে রাখা হলেও টম ক্রুজকে ‘বিশেষ উপস্থিতি’র অতিথি হিসেবে ঘোষণা করা হয়েছে।
এর আগে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে গ্যালারিতে দেখা গেছে ‘মিশন: ইম্পসিবল’ তারকাকে। সমাপনী অনুষ্ঠান ছাড়াও দর্শকদের জন্য থাকবে বিভিন্ন বিশেষ আয়োজন, ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, পুরস্কার এবং ম্যাচপূর্ব বিনোদনের ব্যবস্থা।










































