স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর জাতিসংঘ পার্ক এলাকায় এসএটিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতিকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে মোটরসাইকেল আরোহী অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। হামলায় সাংবাদিক রকিবুল ইসলাম মতি অল্পের জন্য অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেলেও পাশেই থাকা একজন সাংবাদিক আহত হয়েছেন। চাঞ্চল্যকর ও দুর্ধর্ষ এই হামলার ঘটনায় খুলনার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার সময় জাতিসংঘ পার্ক এলাকায় ৫ থেকে ৬ জন স্থানীয় সংবাদকর্মী একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় আকস্মিক দুটি মোটরসাইকেলে চড়ে আসা দুই ব্যক্তি কোনো কিছু বুঝে ওঠার আগেই সাংবাদিক রকিবুল ইসলাম মতিকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিবর্ষণ করে। গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত সাংবাদিকরা আত্মরক্ষার্থে সরে যান। গুলি ছুড়ে মেরেই দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার শিকার সাংবাদিক রকিবুল ইসলাম মতি জানান, “আমরা প্রতিদিনের মতো কয়েকজন সহকর্মী মিলে সেখানে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করেই মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি আমাদের ওপর হামলা চালায় এবং এক রাউন্ড গুলি ছোড়ে।” এই ঘটনায় পাশেই থাকা সাংবাদিক আওয়াল আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে স্থানীয় থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রকাশ্যে সাংবাদিকদের ওপর এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনার বিভিন্ন সাংবাদিক সংগঠন। জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের গ্রেপ্তারে জোর তৎপরতা শুরু হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে।










































