স্পোর্টস ডেস্ক।।
আইপিএলের ইতিহাসে অনেক কিছু বদলে গেলেও একটি জায়গা যেন স্থিরই ছিল। দীর্ঘ ১৮ বছর ধরে চেন্নাই সুপার কিংসের সারথী হয়ে ছিলেন স্টিফেন ফ্লেমিং।
সেই অধ্যায়েরও এবার সমাপ্তি ঘটল। সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে চেন্নাই সুপার কিংস জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ফ্লেমিং ও ফ্র্যাঞ্চাইজিটির পথ আলাদা হয়ে গেছে। টানা তৃতীয় মৌসুমে প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ার পর থেকেই ফ্লেমিংয়ের ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়। গত মৌসুমে পয়েন্ট তালিকার তলানিতে থাকা চেন্নাই এবার শেষ করেছে অষ্টম স্থানে।
মৌসুমের শেষ ম্যাচের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ফ্লেমিং বলেছিলেন, ‘এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, আমার নয়।’
চেন্নাইয়ের সঙ্গে ফ্লেমিংয়ের সম্পর্ক আইপিএলের একেবারে শুরু থেকেই। ২০০৮ সালে তিনি ছিলেন দলের ক্রিকেটার। পরের মৌসুম থেকেই শুরু হয় তার কোচিং অধ্যায়, যা পরিণত হয় আইপিএলের অন্যতম সফল গল্পে। মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে তার কোচ-অধিনায়ক জুটি গড়ে তোলে এক অনন্য যুগ। ফ্লেমিংয়ের অধীনে চেন্নাই পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে, রানার্সআপ হয়েছে চারবার। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতেও দুইবার শিরোপা জিতেছে দলটি।
বিদায়ী বার্তায় ফ্লেমিং বলেন, ‘খেলাধুলার জগতে ১৮ বছর একটি দীর্ঘ সময়। চেন্নাই সুপার কিংসে কাটানো সময়টা আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় সৌভাগ্য। আমরা একসঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করেছি, যা সবসময় আমার সঙ্গে থাকবে। চেন্নাই সবসময় আমার হৃদয়ের খুব কাছের একটি জায়গা হয়ে থাকবে।’
চেন্নাইয়ের কর্ণধার রুপা গুরুনাথও ফ্লেমিংয়ের অবদানের প্রশংসা করে বলেছেন, ‘এই ফ্র্যাঞ্চাইজির প্রায় পুরো যাত্রাপথেই ফ্লেমিং আমাদের কোচিং ইউনিটের প্রাণ ছিলেন। মাঠে আমাদের একসঙ্গে পথচলা শেষ হলেও তিনি চেন্নাই সুপার কিংসের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন।’











































