Home আঞ্চলিক অভয়নগরে কোচিংয়ে যাওয়ার পথে স্কুলছাত্রী নিখোঁজ, ১২ দিনেও মেলেনি সন্ধান

অভয়নগরে কোচিংয়ে যাওয়ার পথে স্কুলছাত্রী নিখোঁজ, ১২ দিনেও মেলেনি সন্ধান

2


অভয়নগর প্রতিনিধি।।

যশোরের অভয়নগরে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর ১২ দিনেও সন্ধান মেলেনি এক স্কুলছাত্রীর। নিখোঁজ ঐশি রহমান আয়েশা (১৩) উপজেলার একতারপুর গ্রামের মাইলপোস্ট পূর্বপাড়া এলাকার শেখ আরিফুল ইসলামের মেয়ে। এ ঘটনায় তার মা শারমিন আক্তার অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ ঐশীকে ফিরে পেতে দিশাহারা হয়ে পড়েছে তার পরিবার।


সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ১লা জুলাই বিকাল ৪টার দিকে নওয়াপাড়া মাস্টারমাইন্ড স্কুলের কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ঐশী। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোচিং শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে পরিবার জানতে পারে, ওইদিন ঐশী কোচিংয়ে উপস্থিত হয়নি।


আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান না পাওয়ায় থানায় বিষয়টি জানানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজের ঘটনায় তদন্তের অংশ হিসেবে নওয়াপাড়া বাজারের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। একটি ফুটেজে ঐশীকে এক অজ্ঞাত যুবকের সঙ্গে যেতে দেখা গেছে বলে জানা গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। নিখোঁজ ছাত্রীর মামা সোহেল রানা বলেন, ১২ দিন ধরে মেয়েটির কোনো সন্ধান নেই।

আমরা চরম দুশ্চিন্তার মধ্যে আছি। দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, জিডির পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।