Home খেলাধুলা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে চান ইয়ামাল

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে চান ইয়ামাল

1

স্পোর্টস ডেস্ক।।

স্পেনের সামনে আজ বড় পরীক্ষা। ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামাল।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর এক বিশ্বকাপভিত্তিক কুইজ অনুষ্ঠানে অংশ নিয়ে ইয়ামাল জানিয়েছেন, তার ইচ্ছা ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলার। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে বিশ্বচ্যাম্পিয়নদের নাম উল্লেখ করে তিনি বলেন, বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়াই তার স্বপ্ন।

সংক্ষিপ্ত সেই সাক্ষাৎকারে যখন ইয়ামালকে জিজ্ঞেস করা হয়— টুর্নামেন্টে কোন খেলোয়াড়ের সঙ্গে তিনি জার্সি বদল করতে চান? ইয়ামাল সরাসরি উত্তর দেন: ‘মেসির সঙ্গে।’ স্পেন যদি ফাইনালে ওঠে তাহলে কোন দলের বিপক্ষে খেলতে চাইবেন এই প্রশ্নের জবাবে ইয়ামাল বেছে নেন আর্জেন্টিনাকে।

উত্তর আমেরিকায় চলমান এই বিশ্বকাপ বেশ কিছু চমকপ্রদ পারফরম্যান্স ও নাটকীয়তায় ঠাসা। এবারের টুর্নামেন্টে তার চোখে সবচেয়ে বড় চমক কে— এমন প্রশ্নের জবাবে ইয়ামাল বেছে নেন মরক্কোর ফরোয়ার্ড ইসমাইল সাইবারিকে।

২৫ বছর বয়সি সাইবারি প্রথম বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন। গ্রুপপর্বে ব্রাজিল, স্কটল্যান্ড এবং হাইতির বিপক্ষে গোল করে একক বিশ্বকাপ টুর্নামেন্টে কোনো মরক্কোর খেলোয়াড়ের করা সর্বাধিক গোলের নতুন রেকর্ড গড়েন। বিশ্বকাপ চলাকালীনই পিএসভি থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেন সাইবারি।

নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিও এসেছিল সাইবারির পা থেকে। তবে দুর্ভাগ্যবশত, কানাডার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হারার ম্যাচটিতে তিনি মাঠে নামতে পারেননি।

ইয়ামালের স্বপ্নের ফাইনাল সত্যি হওয়ার আগে স্পেন ও আর্জেন্টিনা দুই দলকেই পার হতে হবে কঠিন বাধা। আজ লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রাত একটায় কোয়ার্টার ফাইনালে পেরোতে হবে বেলজিয়াম বাধা। জিতলে সেমিফাইনালে মুখোমুখি হতে হবে ফ্রান্সের।

বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ঐতিহাসিক একটি রেকর্ড গড়বেন ইয়ামাল। প্রথম স্প্যানিশ খেলোয়াড় হিসেবে ১৯ বছর বয়স হওয়ার আগেই বিশ্বকাপের তিনটি নকআউট ম্যাচে খেলার কীর্তি গড়বেন তিনি।

লিওনেল মেসির আর্জেন্টিনা রোববার (১২ জুলাই) সকালে কানসাস সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। আলবিসেলেস্তেরা জয় পেলে সেমিতে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও নরওয়ে ম্যাচের জয়ী দল।