Home খেলাধুলা আর্জেন্টিনায় স্বাধীনতা দিবসের প্রার্থনায় মেসির বাণী

আর্জেন্টিনায় স্বাধীনতা দিবসের প্রার্থনায় মেসির বাণী

3

স্পোর্টস ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের মাঠে নিজেদের চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশনে লড়ছেন লিওনেল মেসি। এমন সময় দেশের মাটিতে বুয়েনস আইরেস ক্যাথেড্রালে প্রতিধ্বনিত হলো তার বাণী। আর্জেন্টিনার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ প্রার্থনাসভায় (মাস) জাতীয় দলের অধিনায়ক মেসির পুরোনো একটি বার্তা পুনর্ব্যক্ত করেছেন আর্চবিশপ হোর্হে গার্সিয়া কুয়েরভা।

২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি যে বার্তাটি দিয়েছিলেন, সেটিকেই আর্জেন্টিনার বর্তমান প্রেক্ষাপটে একতার ডাক হিসেবে ব্যবহার করেছেন আর্চবিশপ। এই বিশেষ অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইসহ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত ভক্ত ও নাগরিকদের উদ্দেশ্যে আর্চবিশপ হোর্হে গার্সিয়া কুয়েরভা বলেন, ‘আসুন আমরা আমাদের (দেশের) জার্সি গায়ে রাখি এবং আবেগের সঙ্গে লিওনেল মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে যে বার্তাটি শেয়ার করেছিলেন, তা নিজেদের জীবনে বাস্তবায়িত করি।’

এরপর মেসির সেই ঐতিহাসিক উক্তিটি পড়ে শোনান তিনি, ‘আমরা আর্জেন্টাইনরা যখন একসঙ্গে লড়াই করি এবং ঐক্যবদ্ধ থাকি, তখন আমরা যা কিছু মনেপ্রাণে চাই, তা-ই অর্জন করতে পারি।’

চলমান বিশ্বকাপে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এর ঠিক দুই দিন পর এই বিশেষ বার্তাটি সামনে আনা হলো। ৩৯ বছর বয়সী মেসি বর্তমানে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। টুর্নামেন্টের ৫টি ম্যাচেই গোল করে মোট ৮ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে দুইয়ে আছেন তিনি। চূড়ায় থাকা কিলিয়ান এমবাপ্পেরও সমান ৮ গোল, তবে অ্যাসিস্ট ৩টি। মেসির অ্যাসিস্ট ১টি। আগামী রোববার সকালে সুইজারল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।