বিনোদন প্রতিবেদক
ফুটবল বিশ্বকাপে এক নতুন ইতিহাস রচনা করল নরওয়ে ফুটবল দল। এই প্রথমবার স্ক্যান্ডিনেভিয়ান ফুটবলাররা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব নিশ্চিত করল। অন্যদিকে, ব্রাজিলের সামনে রাস্তা এখানেই শেষ হয়ে গেল। চোখের জলে বিদায় নিল সাম্বা বাহিনী। পাঁচবারের চ্যাম্পিয়ন দলকে যে এভাবে হারতে হবে, সেটা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি।
নিউ ইয়র্কে ছিলেন বাংলাদেশি অভিনেত্রী সাফা কবির। ফুটবলে সমর্থন করেন ব্রাজিলকে। প্রিয় দলকে সমর্থন জানাতে ব্রাজিলের জার্সি পরে চলে গিয়েছিলেন নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড-এর মেটলাইফ স্টেডিয়ামে। কিন্তু শেষ পর্যন্ত প্রিয় দলকে জেতাতে পারেননি তিনি। শরীরে ব্রাজিলের জার্সির সঙ্গে সাফা কবির নিয়ে গিয়েছিলেন নিজ দেশের জাতীয় পতাকা।
স্টেডিয়ামে গিয়েই ফেসবুকে সাফা লিখেছিলেন, ‘আজ আমি বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’
যদিও শেষ পর্যন্ত ব্রাজিল হেরে গেছে। তবু নিজের মোবাইল ক্যামেরায় বেশকিছু স্মৃতি নিয়ে এসেছেন। ছবি তুলেছেন নেইমার ও হলান্ডের। এই অনুভূতি ফেসবুকে শেয়ার করে সাফা কবির লিখেছেন, ‘নেইমার জুনিয়র ও হালান্ডকে একই ফ্রেমে বন্দি করতে পেরেছি—এখনও যেন বিশ্বাসই হচ্ছে না। সত্যিই জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। এত কাছ থেকে বিশ্বসেরা দুই ফুটবলারকে খেলতে দেখতে পেরে নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে হচ্ছে।
সাফার ভাষ্য, ‘হলান্ড ছিলেন দুর্দান্ত। আর ব্রাজিল খেলেছে হৃদয়, আবেগ আর গর্ব নিয়ে। তবে ম্যাচের ফলের চেয়েও আমার কাছে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে একটি বিষয়—দুই দলের প্রতিটি খেলোয়াড়ই শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন।’
‘‘২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশ এবং নিজের দেশের হয়ে সাহস, নিষ্ঠা ও অদম্য হৃদয় নিয়ে লড়াই করা প্রতিটি খেলোয়াড়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা। এমন মুহূর্তগুলোই মনে করিয়ে দেয়, কেন ফুটবলকে ‘দ্য বিউটিফুল গেম’ বলা হয়। আশা করি, ভবিষ্যতে বিশ্বের আরও অনেক কিংবদন্তি ফুটবলারের খেলা কাছ থেকে দেখার সুযোগ হবে। ততদিন পর্যন্ত এই অসাধারণ অভিজ্ঞতাটা হৃদয়ে যত্ন করে রেখে দেব।’’ যোগ করেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী।











































