Home জাতীয় দুদকের মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিচার শুরু

দুদকের মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিচার শুরু

4


ঢাকা অফিস।।

সম্পত্তি আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ আগস্ট দিন ধার্য করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু।

এদিন মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি আব্দুস সালাম মুর্শেদীকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অন্য আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের উপস্থিতিতে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন।

এর আগে গত ২০ মে আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, আলহাজ বোরহান উদ্দীন, শাহীনুর ইসলাম, খাদেমুল ইসলামসহ অন্যরা তাদের মক্কেলদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। অপরদিকে দুদকের প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশের জন্য ৬ জুলাই দিন ধার্য করেছিলেন।

মামলার অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম. আজিজুল হক, রাজউকের সাবেক সদস্য (এস্টেট) লে. কর্নেল (অব.) এম. নুরুল হক, সাবেক পরিচালক আবদুর রহমান ভূঁঞা, সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, সাবেক শাখা সহকারী মো. মাহবুবুল হক এবং কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছার।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার করেন। অসৎ উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে ‘খ’ তালিকাভুক্ত গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি)-২৭ নম্বর, হোল্ডিং নম্বর-২৯, রোড নম্বর-১০৪-এর পরিত্যক্ত ২৭ কাঠার প্লটটি অবমুক্ত না করেই জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করেছেন। পরে হস্তান্তরের অনুমতি ও নামজারি অনুমোদনের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ সৃষ্টি করেছেন। এ অভিযোগে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।