স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা বা ‘ফেভারিটিজম’ দেওয়ার অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চললেও এবার বিষয়টি উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেই। আর এমন প্রশ্নের জবাবে স্পষ্ট ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, টুর্নামেন্টে রেফারি বা আয়োজকদের পক্ষ থেকে আর্জেন্টিনা কোনো বিশেষ সুবিধা পাচ্ছে কি না।
প্রশ্নটি শুনে রসিকতার সুরে হলেও দৃঢ় অবস্থান নেন স্কালোনি। তিনি বলেন, ‘এর একমাত্র সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না পড়া। সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দিন। তাহলে এসব অবান্তর বিষয় আপনার চোখেই পড়বে না।’
স্কালোনির মতে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রমাণ ছাড়াই যেকোনো দাবি ছড়িয়ে দেওয়া যায় এবং ছোট একটি বিষয়ও মুহূর্তেই বড় বিতর্কে পরিণত হয়।
তিনি বলেন, ‘এখন যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু পোস্ট করতে পারে এবং খুব ছোট একটি বিষয়কে বড় করে উপস্থাপন করতে পারে। আমার মনে হয় এসব বিষয়ে আমাদের কোনো গুরুত্ব দেওয়া উচিত নয়।’
আর্জেন্টিনা কোচের দাবি, দলের কঠোর পরিশ্রম ও ধারাবাহিক সাফল্যকে আড়াল করতেই অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অভিযোগ ছড়ানো হয়।
তিনি জোর দিয়ে বলেন, আর্জেন্টিনার সাফল্য কোনো বিশেষ সুবিধার ফল নয়; বরং এটি পুরো দলের দীর্ঘদিনের পরিশ্রম, শৃঙ্খলা ও ত্যাগের ফল। তার ভাষায়, মাঠে লিওনেল মেসির অবদান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দলের নেপথ্যে কাজ করা প্রতিটি সদস্যের ভূমিকাও সমান মূল্যবান।
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক দিক নিয়ে স্কালোনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ার অনেক ভালো দিক রয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে সেখানে যে কেউ যা খুশি পোস্ট করতে পারে এবং তা এক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কিন্তু আমরা এসব নিয়ে মোটেও ভাবছি না। আমাদের পুরো মনোযোগ মাঠের খেলায়।’
এদিকে, রাউন্ড অব ৩২-এর ম্যাচে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় টুর্নামেন্টের অন্যতম চমক কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বে জয় ধরে রেখে শিরোপা রক্ষার অভিযান এগিয়ে নিতে আত্মবিশ্বাসী স্কালোনির শিষ্যরা।










































