Home খেলাধুলা অবসরের গুঞ্জনে ইতি টানলেন রোনালদো

অবসরের গুঞ্জনে ইতি টানলেন রোনালদো

2


স্পোর্টস ডেস্ক।।


পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিশ্বকাপ শেষেই তিনি জাতীয় দলকে বিদায় জানাবেন এমন মন্তব্য করেছিলেন তার বোন কাটিয়া আভেইরো। তবে সেই জল্পনায় নিজেই ইতি টেনেছেন ৪১ বছর বয়সী এই তারকা ফুটবলার।

ক্রোয়েশিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে কাটিয়া আভেইরো বলেছিলেন, বর্তমান বিশ্বকাপই পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ টুর্নামেন্ট এবং আসর শেষ হওয়ার পরই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। তার এই মন্তব্যের পর সমর্থকদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা।

তবে ম্যাচ শেষে অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে রোনালদো জানান, এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি।

তিনি বলেন,‘টুর্নামেন্ট চলাকালীন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বোকামি হবে।’

পর্তুগিজ অধিনায়ক আরও বলেন, ‘এই মুহূর্তে আমার পুরো মনোযোগ পর্তুগালের বিশ্বকাপ অভিযানেই। টুর্নামেন্ট শেষ হলে পরিবারের সঙ্গে আলোচনা করে শান্তভাবে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি রোনালদোর জন্য ছিল স্মরণীয়। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তিনি একটি নতুন রেকর্ডও গড়েছেন। ৪১ বছর ১৪৭ দিন বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে গোল করে ইতিহাসের সবচেয়ে বয়স্ক গোলদাতা হয়েছেন তিনি। একই সঙ্গে এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম গোল।

রোনালদোর এই বক্তব্যে অন্তত আপাতত তার আন্তর্জাতিক অবসর নিয়ে সব জল্পনার অবসান ঘটেছে। বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত তিনি ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না বলে স্পষ্ট জানিয়েছেন। এখন তার একমাত্র লক্ষ্য পর্তুগালকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। টুর্নামেন্ট শেষে পরিবারের সঙ্গে আলোচনা করেই জাতীয় দলে নিজের ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।