স্টাফ রিপোর্টার।।
খুলনায় রাতুল শেখ (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টার দিকে মহানগরীর লবণচরা থানার বালুর মাঠ এলাকায় নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাতুল শেখসহ কয়েকজন যুবক নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার বালুর মাঠে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে রাতুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলি তার ডান পায়ের ঊরুতে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ রাতুল উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা শের আলীর ছেলে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, নিজেদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।











































