স্পোর্টস ডেস্ক।।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জনের মাঝেই আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসকে প্রকাশ্যেই আমন্ত্রণ জানিয়েছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার তরুণ এই উইঙ্গারের দাবি, আলভারেস যদি কাতালান ক্লাবে যোগ দেন, তাহলে তাকে সাদরে বরণ করে নেওয়া হবে।
বিশ্বকাপে স্পেন দলের ক্যাম্প থেকে স্প্যানিশ গণমাধ্যম এল লার্গুয়েরোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, আলভারেসকে তিনি বার্সেলোনার জার্সিতে দেখতে চান। ইয়ামাল বলেন, ‘এ মুহূর্তে বিষয়টি নিয়ে খুব বেশি ভাবি না। তবে আমি অবশ্যই চাই সে আসুক, কারণ সে একজন দুর্দান্ত খেলোয়াড়। যদি সে আসে, আমরা তাকে সাদরে গ্রহণ করব। সে বিশ্বের সেরা ক্লাবে, বিশ্বের সেরা সমর্থকদের কাছে এবং আমার মতে বিশ্বের সেরা শহরে আসবে। আমি যদি তার জায়গায় থাকতাম, তাহলে অবশ্যই এই সিদ্ধান্ত নিতাম। সে যদি আসতে চায়, আমরা তার জন্য অপেক্ষা করছি।’
সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের সঙ্গে আলভারেসের সম্পর্কের অবনতি হয়েছে। এমনকি ক্লাব ছাড়ার ইচ্ছার কথাও নাকি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
দুই মৌসুম ধরে আতলেতিকোতে খেললেও আলভারেস এখন নতুন চ্যালেঞ্জ খুঁজছেন বলে দাবি করা হচ্ছে। বিশেষ করে আক্রমণভাগে দলের মূল ভরসা হওয়ার সুযোগ চান তিনি। দীর্ঘমেয়াদে রবার্ট লেভানদোভস্কির উত্তরসূরি হিসেবে তাকে দলে নিতে আগ্রহী বার্সেলোনা।
ইয়ামাল একা নন, বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রিও আলভারেসকে দলে দেখার আগ্রহের কথা জানিয়েছেন। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, চুক্তিটি সম্পন্ন করতে ক্লাবকে আর্থিক জটিলতার মুখোমুখি হতে হবে।
অন্যদিকে, আতলেতিকো মাদ্রিদ সহজে তাদের অন্যতম সেরা তারকাকে সরাসরি লা লিগার প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ছাড়তে রাজি নয়। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ক্লাবটি বিদেশি কোনো দলের কাছে আলভারেসকে বিক্রি করতেই বেশি আগ্রহী। ফলে সম্ভাব্য এই দলবদল সম্পন্ন করতে বার্সেলোনাকে কঠিন আলোচনার মধ্য দিয়ে যেতে হতে পারে।











































