Home খেলাধুলা মেসিদের বিদায় করবে কেপ ভার্দে- ঘানার ওঝার ভবিষ্যদ্বাণী

মেসিদের বিদায় করবে কেপ ভার্দে- ঘানার ওঝার ভবিষ্যদ্বাণী

0

স্পোর্টস ডেস্ক।।

মুখ দেখানো দায় হয়েছে জার্মানির অর্থনীতিবিদ জোয়াখিম ক্লেমেন্টের। তিনি বলেছিলেন- ব্রাজিলকে হারাবে জাপান। নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে। কিন্তু হয়েছে উল্টোটা। ব্রাজিল শেষ ষোলোয় চলে গেছে। নকআউটের শুরুতে বিদায় নিয়েছে ডাচরা।

এবার ঘানার ওঝা নানা কোয়াকু বনসাম মেসির আর্জেন্টিনাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি দাবি করেছেন, মায়ামিতে ৪ জুলাই শেষ ৩২ এর ম্যাচে আর্জেন্টিনাকে হারাবে কেপ ভার্দে। এর আগে বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দে একে একে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবে রুখে নকআউটে এসেছে।

কথা হলো ঘানার এই ওঝার কথায় কেন গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ তিনি দাবি করেছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে ঘানার ম্যাচে তিনি হ্যারি কেইনের ওপর ‘কালো জাদু’ করেছিলেন। তিনি বলেছিলেন, ঘানার বিপক্ষে কেইন যাতে গোল করতে না পারে সেজন্য কাজ করছেন তিনি।

বনসাম বলেছিলেন, ‘আমি কেইনের ওপর কাজ করছি। তার কোন ক্ষতি আমি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে গোল করতে দেব না। আমার চেষ্টা থাকবে ঘানাকে জেতানো।’

ঘানাকে অবশ্য জেনাতে পারেননি দেশটির ওঝা। তবে জয়ের সমান এক ড্র (০-০) তুলে নিয়েছিল আফ্রিকার দলটি। আফ্রিকান এই ওঝার কথা মতো, গ্রুপের শেষ ম্যাচেই গোল পান কেইন। তিনি দাবি করেছিলেন, ‘আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা! পরের ম্যাচেই কেইন মুক্তি পাবে ও গোল করবে। সে আমার শত্রু নয়। আমার সন্তানের নাম আমি হ্যারি রাখবো।’

কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। দাপটের সঙ্গে গ্রুপ পর্ব শেষ করেছে লিওনেল মেসি ও তার সতীর্থরা। মেসি গ্রুপ পর্বের তিন ম্যাচে হ্যাটট্রিকসহ ছয় গোল করে ফেলেছেন। ফর্ম ও তারকা বিবেচনায় কেপ ভার্দে মেসিদের সামনে পুঁচকে প্রতিপক্ষ। তবে লো ব্লকের নতুন রূপ দেখাচ্ছে কেপ ভার্দে। আর্জেন্টিনা বিশ্বকাপের নকআউট পর্বে এখনো আফ্রিকান কোন দলের মুখোমুখি হয়নি।