Home বিনোদন ‘ওপেনহাইমার’কে টপকে বিশ্বের সর্বাধিক আয়কারী বায়োপিক এখন ‘মাইকেল’

‘ওপেনহাইমার’কে টপকে বিশ্বের সর্বাধিক আয়কারী বায়োপিক এখন ‘মাইকেল’

0

বিনোদন ডেস্ক।।

বিশ্ব চলচ্চিত্রে বায়োপিকের ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে ‘মাইকেল’। পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক এই সিনেমা বক্স অফিসে ‘ওপেনহাইমার’-কে ছাড়িয়ে এখন বিশ্বের সর্বাধিক আয়কারী বায়োপিকের স্বীকৃতি পেয়েছে।

২০২৩ সালে মুক্তি পাওয়া ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ওপেনহাইমার’ বিশ্বজুড়ে প্রায় ৯৭৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে দীর্ঘদিন ধরে সর্বোচ্চ আয়কারী বায়োপিকের রেকর্ড ধরে রেখেছিল। পরমাণু বোমার জনক রবার্ট ওপেনহাইমারের জীবন নিয়ে নির্মিত সিনেমাটি সমালোচক ও দর্শক—উভয়ের কাছেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

তবে প্রায় তিন বছর পর সেই রেকর্ড ভেঙে দিয়েছে ‘মাইকেল’। সর্বশেষ হিসাব অনুযায়ী, সিনেমাটির বৈশ্বিক আয় পৌঁছেছে প্রায় ৯৭৭ মিলিয়ন মার্কিন ডলারে।

এর মধ্য দিয়ে এটি ইতিহাসের সর্বাধিক আয়কারী বায়োপিকে পরিণত হয়েছে। পাশাপাশি ছবিটি দ্রুত এক বিলিয়ন ডলার আয়ের মাইলফলকের দিকেও এগিয়ে যাচ্ছে।
এর আগেই আরেকটি গুরুত্বপূর্ণ রেকর্ড নিজেদের করে নেয় ‘মাইকেল’। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’-কে ছাড়িয়ে এটি বিশ্বের সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিকের স্বীকৃতিও অর্জন করে।

কুইন ব্যান্ডের কিংবদন্তি শিল্পী ফ্রেডি মার্কারির জীবন নিয়ে নির্মিত সেই সিনেমার বৈশ্বিক আয় ছিল প্রায় ৯০৪ মিলিয়ন মার্কিন ডলার। লায়ন্সগেট প্রযোজিত বড় বাজেটের এই সিনেমা পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া। মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন। নাচ, অভিব্যক্তি, মঞ্চ উপস্থিতি এবং চরিত্রে নিজেকে মিশিয়ে দেওয়ার দক্ষতায় তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

মাইকেল জ্যাকসনের সংগীতজীবনের অবিশ্বাস্য সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, সংগ্রাম, নিঃসঙ্গতা এবং বিতর্কিত অধ্যায়ও উঠে এসেছে এই বায়োপিকে।

প্রতিকূলতার মধ্য দিয়েও কীভাবে তিনি বিশ্বসংগীতের অন্যতম প্রভাবশালী ও কিংবদন্তি শিল্পীতে পরিণত হয়েছিলেন, সেই যাত্রার গল্পই তুলে ধরা হয়েছে ‘মাইকেল’ সিনেমায়।