Home খেলাধুলা ‘নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের নিবন্ধন শুরু ১ জুলাই

‘নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের নিবন্ধন শুরু ১ জুলাই

2

স্পোর্টস ডেস্ক।।

দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে আবারও শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। প্রতিযোগিতার দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন ১ জুলাই শুরু হবে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

রবিবার (২৮ জুন) ঢাকায় বাংলাদেশ অলিম্পিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা এই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের যুক্ত করতে স্কুল, ক্লাব ও জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হবে বলেও জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, দ্বিতীয় আসরে অংশগ্রহণের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে। প্রথম আসরে কেবল উপজেলা দলগুলো জেলা পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পেলেও এবার দেশের প্রতিটি ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড দল সরাসরি উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

প্রথম আসরের ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টের সঙ্গে নতুন করে যুক্ত করা হয়েছে টেবিল টেনিস ও ভলিবল। ১০টি ইভেন্টে তরুণ ক্রীড়াবিদ নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

এদিকে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার সূচিও চূড়ান্ত করা হয়েছে। ১৮ জুলাই ঢাকার মিরপুর জাতীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু হবে। ১০টি অঞ্চল থেকে বাছাইকৃত দেশসেরা কিশোর ও তরুণ অ্যাথলেটদের অংশগ্রহণে চলবে ২৭ জুলাই পর্যন্ত।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৭ জুলাই বিকেল ৩টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।