Home Lead খুলনায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার: মুলহোতার বিরুদ্ধে তদন্ত শুরু

খুলনায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার: মুলহোতার বিরুদ্ধে তদন্ত শুরু

180
Oplus_131072

সৈয়দ রানা কবীর।।
খুলনার ফুলতলা উপজেলায় দেশীয় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ যশোর জেলা পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে ফুলতলা থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যের নাম সৌরভ হোসেন। তিনি যশোর জেলা পুলিশে কর্মরত বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। খুলনায় গ্রেপ্তারকৃত অস্ত্র, গুলি ইয়াবাসহ পুলিশ সদস্য সৌরভের মাস্টারমাইন্ড সাবেক পতিত আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত এস আই নুরুল ইসলামের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের জামিরা গ্রামের বিল্লালের বাড়ির সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন ফুলতলা থানার এএসআই শফিউজ্জামান। অভিযানের সময় মোটরসাইকেলে থাকা সৌরভ হোসেনকে তল্লাশি করে একটি দেশীয় শর্টগান, চার রাউন্ড সিসা গুলি এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় সৌরভের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে যে, গ্রেপ্তার হওয়া কনস্টেবল সৌরভ হোসেনের সঙ্গে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম নুরুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগও বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।

তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ নিশ্চিত করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে এসআই নুরুল ইসলাম নুরু বলেন, তিনি শুনেছেন সৌরভ অস্ত্র, গুলি ও মাদকসহ আটক হয়েছেন। তার দাবি, “সৌরভ বেশ কয়েক মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত (গড় হাজির) ছিল। বিষয়টি আমি লিখিতভাবে জেলা পুলিশ সুপারকে জানিয়েছি। সে ক্ষোভ থেকে আমার নাম বলতে পারে। তবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।

অন্যদিকে, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ বলেন, “সৌরভ নামে এক ব্যক্তিকে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক করা হয়েছে। তিনি যশোর জেলা পুলিশের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, সৌরভ হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কর্মরত এক পুলিশ সদস্যের বিরুদ্ধে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।