আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ আরও দ্রুত সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম টানা চতুর্থ সপ্তাহের মতো কমল।
আজ শুক্রবার স্পট গোল্ডের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২ দশমিক ৭৭ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ১৭ দশমিক ৩০ ডলারে। সপ্তাহজুড়ে স্বর্ণের দাম প্রায় ৩ দশমিক ৮ শতাংশ কমেছে। বুধবার ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে নেমে যায়।
বাজার বিশ্লেষকদের মতে, ফেডের কঠোর মুদ্রানীতির সম্ভাবনা মার্কিন ডলারকে আরও শক্তিশালী করেছে। ফলে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে, যা দাম কমার অন্যতম কারণ।
বিনিয়োগ প্রতিষ্ঠান ওএএনডিএ-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, ফেডের কঠোর অবস্থানকে ঘিরে বাজারে দ্রুত মূল্য সমন্বয়ের ফলে মার্কিন ডলারে শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে, যা স্বর্ণের দামে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, জানুয়ারির শেষ দিকে সর্বোচ্চ রেকর্ডে পৌঁছানোর পর থেকে স্বর্ণের যে দীর্ঘমেয়াদি সংশোধন শুরু হয়েছে, তা ভবিষ্যতে প্রতি আউন্স ৩ হাজার ৪০০ ডলার পর্যন্ত নেমে যেতে পারে। চলতি বছরের ২৯ জানুয়ারি স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে উঠেছিল। এরপর থেকে দাম প্রায় ২৯ শতাংশ কমেছে।










































