Home খেলাধুলা মুসলিম খেলোয়াড়দের জন্য পুরস্কার মঞ্চে পরিবর্তন আনল ফিফা

মুসলিম খেলোয়াড়দের জন্য পুরস্কার মঞ্চে পরিবর্তন আনল ফিফা

0

স্পোর্টস ডেস্ক।।

২০২৬ ফিফা বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক সংবেদনশীলতার প্রতি সম্মান জানিয়ে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ বা ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার প্রদানের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন এনেছে ফিফা। নতুন এই উদ্যোগে কিছু খেলোয়াড়ের জন্য পুরস্কার ও মঞ্চ থেকে অ্যালকোহল সম্পর্কিত স্পন্সর ব্র্যান্ডিং সরিয়ে দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান বিশ্বকাপে বিষয়টি প্রথম আলোচনায় আসে মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারিকে ঘিরে। স্কটল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের দ্রুততম গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। তবে পুরস্কার গ্রহণের সময় সাধারণত ব্যবহৃত বিয়ার ব্র্যান্ড ‘মাইকেলব আল্ট্রা’র লোগো তার পুরস্কার মঞ্চ বা ট্রফির ভিজ্যুয়ালে দেখা যায়নি।

এর পরিবর্তে সেখানে ছিল নিরপেক্ষ ‘সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ’ ডিজাইন এবং ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ব্র্যান্ডিং। একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে মিসরের ইমাম আশুর, জর্ডানের আলি ওলওয়ান, ইরানের রামিন রেজায়িয়ান, কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা এবং আইভরি কোস্টের ইয়ান দিয়োমান্দের ক্ষেত্রেও।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যেসব খেলোয়াড়ের ধর্মীয় বিশ্বাস বা সাংস্কৃতিক প্রেক্ষাপটে অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ বা নিরুৎসাহিত করা হয়, তাদের প্রতি সম্মান জানাতেই এই পরিবর্তন এনেছে ফিফা।

এ বিষয়ে স্পোর্টবাইবেলকে ফিফার এক মুখপাত্র জানান, নির্বাচিত খেলোয়াড়ের অনুরোধে স্পন্সরবিহীন পুরস্কার ও ব্যাকড্রপ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। একই ব্যবস্থা অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়।

ফুটবলে এমন ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৮ বিশ্বকাপে মিসরের কিংবদন্তি গোলরক্ষক মোহাম্মদ আল শেনাবি অ্যালকোহল স্পন্সরযুক্ত ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন।

সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম ফুটবলারদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও লিগে উদযাপন বা পুরস্কার প্রদানের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। কোথাও অ্যালকোহলযুক্ত বোতলের পরিবর্তে নিরপেক্ষ বা অ্যালকোহলমুক্ত বিকল্প ব্যবহার করা হয়েছে।

২০২৬ বিশ্বকাপে ফিফা সেই ধারাবাহিকতায় অপেক্ষাকৃত নীরব কিন্তু গুরুত্বপূর্ণ একটি সমাধান বেছে নিয়েছে—পুরস্কার প্রদান অব্যাহত রেখে প্রয়োজন অনুযায়ী স্পন্সরের অ্যালকোহল ব্র্যান্ডিং সরিয়ে দেওয়া। এই পদক্ষেপকে অনেকেই খেলাধুলায় ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।