Home আঞ্চলিক শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

0

বাগেরহাট প্রতিনিধি।।


বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পরপরই শিক্ষার্থীদের মাঝে ছুটে এলেন বিআরটিএর পরিচালক ও সরকারের যুগ্ম সচিব মো. জাকির হোসেন। বিদ্যালয়ে এসে তিনি শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্প্রতি গ্রামে এসে তিনি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হলরুমে একত্রিত করেন। পরে নিজেই শিক্ষক হিসেবে পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, অধ্যবসায় ও ভবিষ্যৎ জীবন গঠনের নানা দিকনির্দেশনা দেন।

এ সময় শিক্ষার্থীরা নবনির্বাচিত সভাপতি মো. জাকির হোসেনের বক্তব্য মনোযোগ সহকারে শোনে। তার প্রাণবন্ত উপস্থাপনা ও শিক্ষামূলক বক্তব্যে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়।


পরে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আল মামুন, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক সদস্যদের নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় যোগ দেন। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

মো. জাকির হোসেন বলেন, ‘আমি গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং সার্বিক অগ্রগতির জন্য আমি শতভাগ চেষ্টা চালিয়ে যাব। ইতিমধ্যে বিদ্যালয়ের চারতলা ভবনের অনুমোদন হয়েছে। আমি আশা করি, সবার সহযোগিতায় এই বিদ্যালয়কে বাগেরহাট জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে।’

তার এই ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।