Home আঞ্চলিক পরিকল্পিত, টেকসই ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য: মঞ্জু

পরিকল্পিত, টেকসই ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য: মঞ্জু

3


স্টাফ রিপোর্টার।।

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র এবং একই সাথে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা একটি অত্যন্ত সংবেদনশীল নগরী। খুলনাকে একটি পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর ও পরিকল্পিত টেকসই নগরী হিসেবে গড়ে তুলতে জলবায়ু সহনশীল নগর নীতিমালার সফল বাস্তবায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সুনির্দিষ্ট সড়ক ও কালভার্টগুলোর উন্নয়ন সম্পন্ন করা এখন প্রধান চ্যালেঞ্জ। এই লক্ষ্য অর্জনে তিনি নগরবাসীসহ সকল অংশীজনের সমন্বিত ও কার্যকর সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) দিনব্যাপী নগরীর একটি অভিজাত হোটেল ও নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে আয়োজিত পৃথক তিনটি গুরুত্বপূর্ণ কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‘জাতীয় নগর নীতি-২০২৫: শহর পর্যায়ে অবহিতকরণ’ কর্মশালা
মঙ্গলবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর কারিগরি সহায়তায় এবং স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, দ্রুত নগরায়ন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করলেও আবাসন, পরিবেশ ও নগর সেবার ওপর নতুন চাপ সৃষ্টি করছে। এই বাস্তবতায় টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর উন্নয়ন নিশ্চিত করতে ‘জাতীয় নগর নীতি-২০২৫’ একটি যুগান্তকারী মাইলফলক। তিনি খুলনার জলাবদ্ধতা, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, অনিয়ন্ত্রিত নগরায়ন ও নগর দারিদ্র্যের মতো চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় সমন্বিত ও টেকসই নগর পরিকল্পনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ক্লাইমেট অ্যান্ড লাইভলিহুড অ্যাডভাইজার এবিএম ফিরোজ আহমেদ, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: জাকির হোসেন এবং কুয়েটের প্রফেসর ড. মোরশেদ মনজুর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. শাকিল আখতার।

এ্যাডামস ফাউন্ডেশনের ‘কমিউনিটি ফোরাম’-এর সাথে মতবিনিময়
বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ২৪টি ওয়ার্ডের অনগ্রসর জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও জীবনমান উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি ফোরাম-কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, নগরীর যানজট, জলাবদ্ধতা, কেডিএ কর্তৃক নির্মাণাধীন ৩টি সড়ক, গল্লামারী ব্রীজ ও সোনাডাঙ্গা বাইপাসের কাজ শেষ করা এখন বড় চ্যালেঞ্জ। তবে গল্লামারী ব্রীজের কাজ শীঘ্রই শেষ হবে এবং সড়কগুলোর কালভার্ট নির্মাণ সম্পন্ন হলে জলাবদ্ধতার অনেকটা সমাধান হবে। এছাড়া মশক নিধনের ধারাবাহিকতা বজায় রাখা এবং বর্জ্য রিসাইক্লিং সেন্টার চালুর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হচ্ছে বলে তিনি জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান ও এ্যাডামস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম আলী আসলাম উপস্থিত ছিলেন।

সমন্বিত চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা
বিকেলে ইউনিসেফ-এর সহযোগিতায় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ বিষয়ে স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা বিভাগে ৮ থেকে ১০টি জেলার মানুষ চিকিৎসা নিতে আসে। তাই মেডিকেল বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি টেকসই করতে স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী পরিচালনা কমিটি গঠন করা হবে। একই সাথে তিনি সকলকে সাধ্যমতো বৃক্ষরোপণের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. শেখ মো: মোশাররফ হোসেন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরীফুল ইসলাম, মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম এবং ইউনিসেফ-খুলনার চীফ মো: কাওসার আহমেদ।

রেড ক্রিসেন্ট প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
এর আগে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজম খান সরকারি কমার্স কলেজে ‘রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য রেড ক্রিসেন্ট সদস্যদের প্রশিক্ষণ গ্রহণ করা জরুরি। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই মানবিক প্রশিক্ষণের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক মো: নজরুল ইসলাম এবং সিটি যুব ইউনিটের প্রধান সমন্বয়ক প্রফেসর ড. নূর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।