Home খেলাধুলা ওভাল টেস্টের ধাক্কা কাটতে না কাটতেই ইংল্যান্ডকে শাস্তি আইসিসির

ওভাল টেস্টের ধাক্কা কাটতে না কাটতেই ইংল্যান্ডকে শাস্তি আইসিসির

0

স্পোর্টস ডেস্ক।।

নিউজিল্যান্ডের কাছে ওভাল টেস্টে বড় ব্যবধানে হারের পর এবার আইসিসির শাস্তির মুখে পড়েছে ইংল্যান্ড। স্লো ওভার রেটের কারণে দলটির ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপে কাটা গেছে গুরুত্বপূর্ণ ১২ পয়েন্ট। ওভাল টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ইংল্যান্ড ১২ ওভার কম করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী প্রতি ওভার কমের জন্য এক পয়েন্ট করে কাটা হয়। ফলে ইংল্যান্ড হারিয়েছে ১২ পয়েন্ট। আর্থিক জরিমানার নিয়মেও প্রতি ওভার ঘাটতির জন্য ম্যাচ ফির ৫ শতাংশ কাটা হয়। তবে এর সর্বোচ্চ সীমা ৫০ শতাংশ।

তাই ইংল্যান্ডের ক্রিকেটারদের ম্যাচ ফির অর্ধেকই জরিমানা হিসেবে দিতে হবে। শাস্তির দায় মেনে নেওয়ায় ভারপ্রাপ্ত অধিনায়ক জো রুটকে আর আনুষ্ঠানিক শুনানির মুখোমুখি হতে হয়নি।

১২ পয়েন্ট হারানোর পর টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের অবস্থান আরও নড়বড়ে হয়ে গেছে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৩৮। নয় দলের মধ্যে ইংল্যান্ডের বর্তমান অবস্থান সপ্তম।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে স্লো ওভার রেটের কারণে দ্বিতীয়বার শাস্তি পেল ইংল্যান্ড। এর আগে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টেও একই কারণে তাদের পয়েন্ট কাটা গিয়েছিল।