বিনোদন ডেস্ক।।
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের মা মনোয়ারা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে তীব্র ব্যথা অনুভব করার পর প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
তবে চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এই শিল্পী।
মায়ের অসুস্থতার বিষয়ে গণমাধ্যমে মনির খান বলেন, ‘আম্মা গতকাল (২০ জুন) সন্ধ্যার দিকে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেছিলেন। এরপর আমার ছোট ভাইরা বাড়ির পাশের হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলেন, এখন যশোর নিয়ে যান। পরে সেখানে নিয়ে গেলে আইসিইউতে ভর্তি করা হয়।’
প্রথমদিকে পরিবারের সদস্যরা হার্ট অ্যাটাকের আশঙ্কা করলেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, এটি হৃদ্রোগজনিত সমস্যা নয়। বরং শরীরের অভ্যন্তরীণ সংক্রমণের কারণেই এই ব্যথা দেখা দিতে পারে।
মনির খান বলেন, ‘আমার মনে হয়েছিল তিনি কার্ডিয়াক অ্যাটাক করেছেন।
সোমবার (২২ জুন) বিকেল ৪টার দিকে রিপোর্টগুলো পাওয়ার পর ডাক্তাররা বোর্ড বসিয়ে দেখেছেন, তিনি কার্ডিয়াক অ্যাটাক করেননি। শরীরের ভেতরে কোনো ইনফেকশনের কারণে ব্যথা উঠতে পারে। পাশাপাশি তাঁর রক্তচাপও অনেক নিচে নেমে গিয়েছিল।’
মায়ের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে আশাবাদী এই গায়ক। তিনি বলেন, ‘সেখানে চিকিৎসার পরে তাঁর বেশ উন্নতি হয়েছে। আশা করছি তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।’
মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মনির খান। তার ভাষায়, ‘আম্মার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।’
এর আগে রবিবার (২১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি অসুস্থতার খবর জানান। পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমার গর্ভধারিণী মা অসুস্থ হয়ে আইসিইউতে।’









































