স্টাফ রিপোর্টার:
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন (বিপিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ওই বক্তব্যে অধীনস্থ কর্মকর্তা সম্পর্কে করা মন্তব্যকে ‘অপেশাদার’ ইঙ্গিত করে সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ বিবৃতি প্রকাশ করা হয়েছে।
শনিবার (২০ জুন) বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১৭ জুন ২০২৬ তারিখে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) স্থানীয় লবণচরা থানা এলাকায় আয়োজিত এক সুধী সমাবেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন। সেখানে তিনি এক পর্যায়ে বলেন, “কোন ইনফরমেশন ইন্সপেক্টরকে বলার পর যদি ফাঁস হয়, তবে মুসলমান হিসেবে কথা দিচ্ছি, আমি নিজে ঐ ইন্সপেক্টরকে এই গাছের সাথে ঝুলিয়ে দিব, আপনারা নিজে পিটাইয়া মারবেন।”

এই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে নানামুখী প্রতিক্রিয়া, উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন তাদের বিবৃতিতে জোর দিয়ে উল্লেখ করে যে, পুলিশ বাহিনীর সকল সদস্য ও কর্মকর্তার বক্তব্যে সর্বদা পেশাদারিত্ব, সংযম এবং প্রাতিষ্ঠানিক মূল্যবোধের প্রতিফলন থাকা বাঞ্ছনীয়। জনসম্মুখে প্রদত্ত যেকোনো বক্তব্য এমন হওয়া উচিত, যা বাহিনীর মর্যাদা, শৃঙ্খলা ও জনগণের আস্থাকে আরও সুদৃঢ় করে।
“কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম বা দায়িত্বে অবহেলার বিষয় থাকলে তা প্রচলিত আইন, বিভাগীয় বিধি-বিধান ও সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত। এ ধরনের বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াই সর্বোত্তম ও গ্রহণযোগ্য পন্থা।” বিবৃতির শেষ অংশে অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করে যে, ভবিষ্যতে সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ যেকোনো বক্তব্য প্রদানকালে আরও বেশি সতর্কতা, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেবেন, যাতে পুলিশ বাহিনীর মর্যাদা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদার ভাবমূর্তি আরও সুদৃঢ় হয়। একই সাথে বাহিনীর সর্বস্তরের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্মান, পেশাদারিত্ব ও ইতিবাচক কর্মপরিবেশ বজায় রাখার জোরালো আহ্বান জানানো হয়েছে।











































